ব্যাঙ্কের দীর্ঘ লাইনে দাঁড়ানো এড়াতে বহু মানুষ এটিএমের উপর নির্ভর করেন। কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) গ্রাহকদের জন্য এবার সেই এটিএম ব্যবহারেই বাড়তে চলেছে খরচ। সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী, বিনামূল্যে লেনদেনের সীমা শেষ হওয়ার পরে এসবিআই এটিএম থেকে টাকা তোলা ও অন্যান্য পরিষেবার জন্য বাড়তি চার্জ দিতে হবে।
নতুন নিয়ম অনুযায়ী, মাসিক ফ্রি লেনদেনের কোটা শেষ হয়ে গেলে প্রতি বার নগদ টাকা তুলতে গ্রাহকদের দিতে হবে ২৩ টাকা (GST সহ)। আগে এই চার্জ ছিল ২১ টাকা। শুধু তাই নয়, ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্টের মতো অ-আর্থিক লেনদেনের ক্ষেত্রেও এখন ১১ টাকা (GST সহ) দিতে হবে, যা আগে তুলনামূলক কম ছিল।
তবে এই চার্জ বৃদ্ধি সব ধরনের অ্যাকাউন্টে প্রযোজ্য নয়। বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট (BSBD) অ্যাকাউন্ট, SBI এটিএম ব্যবহারকারী SBI ডেবিট কার্ড হোল্ডার, কিংবা কিষাণ ক্রেডিট কার্ড (KCC) অ্যাকাউন্টধারীদের উপর এই পরিবর্তনের প্রভাব পড়বে না। অর্থাৎ, এই নির্দিষ্ট অ্যাকাউন্টগুলির ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকছে।
এসবিআই জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ইন্টারচেঞ্জ ফি বৃদ্ধি পাওয়ায় তাদের এটিএম লেনদেনের খরচ বেড়েছে। সেই কারণেই গ্রাহকদের উপর এই বাড়তি চার্জ আরোপ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এসবিআই সেভিংস অ্যাকাউন্ট হোল্ডাররা অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে প্রতি মাসে পাঁচটি বিনামূল্যে লেনদেন করতে পারবেন। কিন্তু এই সীমা ছাড়িয়ে গেলে নগদ উত্তোলনে ২৩ টাকা এবং ব্যালেন্স চেক বা মিনি স্টেটমেন্টের মতো পরিষেবায় ১১ টাকা গুনতে হবে।
বিশেষজ্ঞদের মতে, যারা নিয়মিত এটিএম থেকে টাকা তোলেন বা ঘন ঘন ব্যালেন্স চেক করেন, তাদের মাসিক খরচ কিছুটা বাড়তে পারে। তাই অপ্রয়োজনীয় লেনদেন এড়িয়ে চলা, ডিজিটাল ব্যাঙ্কিং বা একসঙ্গে বেশি টাকা তোলার মতো বিকল্প ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তারা।
সব মিলিয়ে, এসবিআইয়ের নতুন এটিএম চার্জের নিয়ম গ্রাহকদের জন্য বাড়তি সতর্কতার বার্তা। নিয়মগুলি ভালোভাবে জেনে ব্যবহার করলেই অযথা খরচ এড়ানো সম্ভব।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.