দান—হিন্দু শাস্ত্রে এক মহৎ ও পুণ্যকর্ম। বিশ্বাস করা হয়, সঠিকভাবে দান করলে জীবনে আসে শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্য। তবে বাস্তু শাস্ত্র বলছে, দানের ক্ষেত্রেও সময় ও বস্তু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় ভুল হলে সেই পুণ্যকর্মই উল্টো ফল দিতে পারে। বিশেষ করে সন্ধ্যার পর কিছু নির্দিষ্ট সাদা জিনিস দান করলে সংসারে আর্থিক সংকট, মানসিক অশান্তি ও দুর্ভাগ্যের যোগ তৈরি হতে পারে বলে মনে করা হয়।
বাস্তু মতে, সূর্যাস্তের পর প্রথম যে জিনিসটি দান করা একেবারেই নিষিদ্ধ, তা হল নুন। নুনকে দৈনন্দিন জীবনের অত্যাবশ্যক উপাদান বলা হলেও, সন্ধ্যার পর নুন দান বা কাউকে ধার দেওয়া অশুভ বলে বিবেচিত। বিশ্বাস অনুযায়ী, এতে পরিবারের উন্নতির পথ রুদ্ধ হয় এবং আর্থিক অগ্রগতিতে বাধা আসে। একইসঙ্গে, এই সময় হলুদ দেওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে। কারণ হলুদ সংসারের স্থিতিশীলতা ও শুভ শক্তির প্রতীক, যা সন্ধ্যার পরে বাইরে গেলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
দ্বিতীয় যে বস্তুটি নিয়ে বাস্তু শাস্ত্র বিশেষভাবে সতর্ক করেছে, তা হল দুধ ও দুধজাত খাবার। দুধ, দই, ক্ষীর বা অন্য কোনও দুধজাত খাদ্য সন্ধ্যার পর দান করলে সংসারের সুখ ও আর্থিক স্বচ্ছলতায় টান পড়তে পারে বলে মত বাস্তু বিশেষজ্ঞদের। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, এই সময়ে দুধ দান করলে শুক্র গ্রহের প্রভাব দুর্বল হয়। ফলে বিলাস, আনন্দ, সম্পর্কের মাধুর্য ও সম্পদের উপর তার নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তৃতীয় এবং সবচেয়ে সংবেদনশীল বিষয়টি হল টাকা দান বা ধার দেওয়া। বাস্তু মতে, সূর্যাস্তের পর টাকা দান করা বা কাউকে ধার দেওয়া অত্যন্ত অশুভ। শাস্ত্র বিশ্বাস অনুযায়ী, সন্ধ্যার সময়ই দেবী লক্ষ্মীর গৃহপ্রবেশ ঘটে। ঠিক সেই মুহূর্তে অর্থ ঘর থেকে বেরিয়ে গেলে লক্ষ্মীর কৃপা ব্যাহত হয় এবং অর্থপ্রবাহে দীর্ঘমেয়াদি বাধা সৃষ্টি হতে পারে।
সব মিলিয়ে, বাস্তু শাস্ত্র মনে করিয়ে দেয়—দান অবশ্যই শুভ ও প্রশংসনীয় কাজ। কিন্তু সেই দান যেন হয় সঠিক সময়ে, সঠিক ব্যক্তিকে এবং সঠিক বস্তু দিয়ে। নইলে অজান্তেই পুণ্যের বদলে জীবনে নেমে আসতে পারে দারিদ্র্য, অশান্তি ও দুর্ভাগ্য।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.