দ্বিতীয় সন্তান আসার পর এখন খুশিতে ভাসছে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজের সংসার। গত ২৬ জুলাই পুত্রসন্তানের জন্মের সুখবর সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন তারকা দম্পতি। মেয়ের নামের সঙ্গে মিল রেখেই ছেলের নাম রাখা হয়েছে কৃষিভ (Krishiv), আর আদরের ডাকনাম গদাই।
২০২৫ সালে বিয়ের পর মাত্র দু’বছরের মধ্যেই দুই সন্তানের মা-বাবা হয়েছেন কাঞ্চন ও শ্রীময়ী। স্বাভাবিকভাবেই নতুন সদস্যকে ঘিরে পরিবারের পাশাপাশি খুশি তাঁদের অনুরাগীরাও। তবে দ্বিতীয় সন্তান আসার পর থেকেই অনেকের কৌতূহল ছিল—মাত্র ২০ মাস বয়সেই দিদি হয়ে যাওয়া ছোট্ট কৃষভি ভাইকে কীভাবে গ্রহণ করছে?
ভাইকে পেয়ে কী করছে কৃষভি?
‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর ট্রেলার লঞ্চে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়ের প্রতিক্রিয়া জানালেন কাঞ্চন মল্লিক(Kanchan Mullick,)। তাঁর কথায়, কৃষভি ভাইকে পেয়ে ভীষণ উত্তেজিত। ছোট্ট ভাইকে তার কাছে যেন খেলনার মতোই মনে হচ্ছে।
কাঞ্চনের কথায়, “দিদি ভীষণ উত্তেজিত। কৃষভির কাছে তো ওটা পুতুলের মতো। ভাবছে, আমার সঙ্গে খেলছে না কেন! শুয়ে আছে কেন—ও বেশি এক্সাইটেড ভাইকে নিয়ে।”
অর্থাৎ, আপাতত ভাইকে নিয়ে কৃষভির মনে কোনও হিংসা নয়, বরং কৌতূহল আর আনন্দই বেশি। ভাই কেন সারাক্ষণ শুয়ে থাকে, কেন তার সঙ্গে খেলছে না—সেটাই এখন ছোট্ট দিদির সবচেয়ে বড় প্রশ্ন!
কাঞ্চন আরও জানান, মা শ্রীময়ী, ছেলে এবং মেয়ে—তিনজনেই ভালো আছেন।
কৃষভি-কৃষিভকে নিয়ে নতুন সংসার
দ্বিতীয়বার মা হওয়ার খবর প্রকাশ্যে আসার আগে শ্রীময়ীর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা ছড়িয়েছিল। নির্বাচনের দিন ভোটকেন্দ্রে যাওয়ার সময় ওড়না দিয়ে শরীর ঢেকে রাখায় সেই জল্পনা আরও বাড়ে। যদিও সেই সময় কাঞ্চন ও শ্রীময়ী দু’জনেই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করেননি।
শেষ পর্যন্ত ২৬ জুলাই সমাজমাধ্যমে পুত্রসন্তান জন্মের খবর প্রকাশ করেন তাঁরা। মেয়ের নামের সঙ্গে মিল রেখে ছেলের নাম কৃষিভ রাখার কথাও জানান দম্পতি।
তৃতীয় বিয়েতে সংসারে থিতু কাঞ্চন
কাঞ্চন মল্লিকের ব্যক্তিগত জীবন নিয়ে কম আলোচনা হয়নি। শ্রীময়ীর সঙ্গে এটি তাঁর তৃতীয় বিয়ে। এর আগে দু’বার বিবাহিত জীবনে আবদ্ধ হলেও সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী সুখের হয়নি।
দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর এক পুত্রসন্তান রয়েছে। তাঁদের ছেলে ওশের বয়স এখন ১২ বছর। বর্তমানে সে মা পিঙ্কির সঙ্গেই থাকে। বিচ্ছেদের পর স্ত্রী ও ছেলের খোরপোশ বাবদ কাঞ্চনকে ৫৬ লক্ষ টাকা দিতে হয়েছিল বলেও জানা যায়।
বয়সের ফারাক নিয়েও কম ট্রোলিং হয়নি
শ্রীময়ীর সঙ্গে কাঞ্চনের বয়সের বিস্তর ফারাক নিয়েও বিয়ের পর থেকেই সামাজিক মাধ্যমে নানা ধরনের মন্তব্য ও ট্রোলের মুখে পড়েছেন তাঁরা। কাঞ্চনের বয়স বর্তমানে ৫৭ বছর, অন্যদিকে শ্রীময়ী এখনও তিরিশের কোঠায় পা দেননি।
তবে সমালোচনাকে নিজেদের জীবনে প্রভাব ফেলতে দেননি দু’জনেই। বরং বারবারই স্বামীর পাশে দাঁড়িয়েছেন শ্রীময়ী। ট্রোলের জবাবও দিয়েছেন প্রকাশ্যে। সংসার এবং দুই সন্তানকে সামলানোর পাশাপাশি নিজের কাজও চালিয়ে যাচ্ছেন তিনি।
কাজের সূত্রে শ্রীময়ীকে শেষবার দেখা গিয়েছিল ‘মিলন হবে কতদিনে’ ধারাবাহিকে। এখন দুই সন্তানকে ঘিরেই কাঞ্চন-শ্রীময়ীর সংসারে নতুন ব্যস্ততা। আর সেই সংসারে ছোট্ট কৃষভির কাছে ভাই কৃষিভ যে ইতিমধ্যেই ‘পুতুল’-এর মতো হয়ে উঠেছে, কাঞ্চনের কথাতেই তার প্রমাণ মিলেছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.