মধ্যরাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের ৯ জন সদস্য। মন্দির দর্শন করে বাড়ি ফেরার পথেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। রাজস্থানের কোটা-উদয়পুর হাইওয়েতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে যাত্রীবোঝাই গাড়ি। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের। গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে রাজস্থানের শম্ভুপুরা এলাকায়। ১৬ জন যাত্রীকে নিয়ে একটি গাড়ি খাটু শ্যাম মন্দির দর্শন করে মহারাষ্ট্রে ফিরছিল। রাত প্রায় ২টো নাগাদ কোটা-উদয়পুর হাইওয়ের উপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে গাড়িটি। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে যাত্রীবোঝাই গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান। গাড়ির ভিতর থেকে যাত্রীদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তবে ততক্ষণে প্রাণ হারিয়েছেন ৯ জন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দীর্ঘক্ষণ গাড়ি চালানোর কারণে চালকের চোখে ঘুম চলে এসেছিল। সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে গাড়িটি। যদিও দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। হাইওয়ের বিভিন্ন জায়গায় থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
কোটার পুলিশ সুপার তেজস্বী গৌতম জানিয়েছেন, দুর্ঘটনায় মৃতদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে, জেলা প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য বিশেষ মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। তাঁদের চিকিৎসার উপর নজর রাখা হচ্ছে।
একই পরিবারের এতজন সদস্যের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, চালকের কোনও গাফিলতি ছিল কি না, তা-সহ একাধিক বিষয় খতিয়ে দেখছে পুলিশ ও প্রশাসন।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.