বিগ বসের ঘরে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না জীতু কমলের। ‘টিকিট টু ফিনালে’ টাস্কে সৌরভ দাসের সঙ্গে তাঁর আচরণকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তপ্ত সোশ্যাল মিডিয়া। এবার এই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন প্রয়াত অভিনেতা তাপস পালের স্ত্রী নন্দিনী পাল। ফেসবুকে দীর্ঘ পোস্ট করে জীতুর একাধিক আচরণের তীব্র সমালোচনা করেছেন তিনি। একই সঙ্গে অভিনেতাকে উদ্দেশ্য করে দিয়েছেন কড়া বার্তাও।
বিগ বসের বাড়িতে জীতুর সাম্প্রতিক আচরণ নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ তাঁর পাশে দাঁড়ালেও অনেকেই তাঁর আচরণকে সমর্থন করতে পারছেন না। এবার সেই সমালোচকদের তালিকায় যুক্ত হলেন নন্দিনী পাল। উল্লেখ্য, তাপস পাল ও নন্দিনী পালের মেয়ে সোহিনীও এই রিয়্যালিটি শোয়ের অংশ ছিলেন। নিজের ফেসবুক পোস্টে নন্দিনী বিগ বসের কনফেশন রুমের একটি পুরনো ঘটনা তুলে ধরেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, বাড়িতে মাথা দিয়ে কাচ ভেঙে ফেলার পর কনফেশন রুমে গিয়ে কেঁদেছিলেন জীতু। সেখানে তিনি নাকি বলেছিলেন, শোয়ে তাঁকে যেভাবে দেখানো হচ্ছে, তাতে তাঁর ট্রাস্টের ছোট ছোট শিশুরা কী শিখবে?
এই প্রসঙ্গেই জীতুকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন নন্দিনী। তাঁর মতে, ট্রাস্টের শিশুদের কাছে জীতু কী উদাহরণ তৈরি করবেন, সেই দায়িত্ব সম্পূর্ণ তাঁর নিজের। এর জন্য বিগ বস বা শোয়ের নির্মাতাদের দায়ী করা যায় না। নিজের আচরণের দায়িত্ব অন্যের ওপর চাপিয়ে না দিয়ে আত্মসমালোচনা করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। এখানেই থেমে থাকেননি নন্দিনী। খাবারের মধ্যে চিনি মেশানো এবং রাগের মাথায় কাচ ভেঙে ফেলার মতো ঘটনাগুলিও তাঁর সমালোচনার কারণ হয়েছে। তাঁর মতে, এই ধরনের আচরণ কোনওভাবেই ইতিবাচক বার্তা দেয় না। রান্নার প্রসঙ্গ টেনে মাংস রান্নার সময় শুরুতেই চিনি দেওয়ার সমস্যার কথাও উল্লেখ করেছেন তিনি।
‘টিকিট টু ফিনালে’ টাস্কে সৌরভ দাসকে ধাক্কা দিয়ে রিকশা থেকে ফেলে দেওয়ার ঘটনাতেও আপত্তি জানিয়েছেন নন্দিনী। তাঁর প্রশ্ন, এই ঘটনার জেরে সৌরভের যদি গুরুতর চোট লাগত, তাহলে তার দায় কে নিত? পাশাপাশি টাস্ক জেতার পর আবার বিগ বসকে টিকিট ফিরিয়ে দিতে চাওয়ার বিষয়টিকেও নাটক বলে কটাক্ষ করেছেন তিনি। শুধু সৌরভ দাসের সঙ্গে আচরণ নয়, সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জীতুর কথাবার্তার ধরন নিয়েও সরব হয়েছেন নন্দিনী। তাঁর অভিযোগ, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বের সামনে পা দুলিয়ে অসম্মানজনক ভঙ্গিতে তর্ক করা মোটেই শোভনীয় নয়। সৌরভ নিজের সংযম ও ভদ্রতার পরিচয় দিয়ে পরিস্থিতি সামলেছেন বলেও মন্তব্য করেছেন তিনি।
এদিকে, বিগ বসের বাড়িতে প্রবেশের সময় মেয়ে সোহিনীর ছবি নিয়ে জীতুর করা বয়স সংক্রান্ত মন্তব্যেরও জবাব দিয়েছেন নন্দিনী। তাঁর মতে, বয়স শুধুই একটি সংখ্যা। সোহিনী ও জীতুর বয়সের ব্যবধান খুব বেশি নয়। এমনকী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশে দাঁড়ালে জীতুকে বরং তাঁর বড় দাদার মতো দেখাবে বলেও কটাক্ষ করেছেন তিনি। সবশেষে মহাদেবকে নিয়ে জীতুর বারবার মন্তব্য করার বিষয়টি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন নন্দিনী। তাঁর কথায়, কথায় কথায় শিবকে জড়িয়ে হালকা আচরণ করা বন্ধ করা উচিত। ভুল মানুষের হতেই পারে, কিন্তু একই ভুল বারবার করলে তা ব্যক্তিত্বের পরিচয় হয়ে দাঁড়ায়। পোস্টের শেষে জীতুর শুভবুদ্ধির উদয় কামনা করেছেন তিনি।
সব মিলিয়ে বিগ বসের ঘরে জীতু কমলের সাম্প্রতিক আচরণকে কেন্দ্র করে বিতর্ক আরও জোরালো হল। নন্দিনীর এই বিস্ফোরক পোস্টের পর অভিনেতা কী প্রতিক্রিয়া জানান, এখন সেদিকেই নজর দর্শকদের।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.
