ক্রিকেটের ২২ গজে একসময় দাপিয়ে রাজত্ব করেছেন তিনি। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর টেলিভিশনের পর্দাতেও দর্শকদের মন জয় করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দাদাগিরি’-র সঞ্চালক হিসেবে দীর্ঘদিন দর্শকদের বিনোদন দিয়েছেন মহারাজ। তবে এবার তাঁকে দেখা যাচ্ছে সম্পূর্ণ অন্য ভূমিকায়। ‘বিগ বস বাংলা’-র সঞ্চালক হিসেবে সৌরভের নতুন অবতার দেখে রীতিমতো অবাক তাঁর অনুরাগীরাও। বাদ যাননি পরিবারের সদস্যরাও। এমনকী, ভাইয়ের এই রূপ দেখে বিস্মিত দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও।
সম্প্রতি এক সাক্ষাৎকারে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করা হয়, তিনি কি নিয়মিত ‘বিগ বস বাংলা’ দেখছেন? উত্তরে তিনি জানান, কখনও একা, আবার কখনও মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বসে এই অনুষ্ঠান দেখেন। বিগ বসের ঘরের প্রতিযোগীদের ঝগড়াঝাঁটি, তর্ক-বিতর্ক বেশ উপভোগ করেন তাঁরা। তবে অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে সৌরভের ভূমিকা তাঁকে সবচেয়ে বেশি অবাক করেছে। ভাইয়ের প্রশংসা করে স্নেহাশিস জানান, সৌরভ বরাবরই স্বাভাবিকভাবে নিজের কাজ করেন। ক্রিকেটের মাঠে যেমন তাঁর ব্যাটিং সহজাত, তেমনই সঞ্চালনার ক্ষেত্রেও তাঁর স্বাভাবিক দক্ষতা চোখে পড়ার মতো।
সৌরভের সঞ্চালনার একটি বিশেষ দিক নজর কেড়েছে স্নেহাশিসের। বিগ বসের মঞ্চে প্রতিযোগীদের ভুলত্রুটি নিয়ে কথা বলতে কিংবা প্রয়োজনে তাঁদের বকাঝকা করতে দেখা যাচ্ছে মহারাজকে। কিন্তু বাস্তব জীবনে সৌরভকে এমন মেজাজে খুব একটা দেখেননি তাঁর দাদা। এই প্রসঙ্গে স্নেহাশিস বলেন, ‘আমাদের কাছে খুব বিরল। আসলে ও যে কাউকে বকতে পারে, আমি প্রথমবার বিগ বসে দেখলাম। আমি আজ পর্যন্ত ওকে দেখিনি কাউকে বকতে।’
অর্থাৎ, ছোট ভাইয়ের এই নতুন রূপ তাঁর কাছেও একেবারে অচেনা। দাদাগিরির মঞ্চে হাসিখুশি ও সাবলীল সৌরভকে দেখতেই অভ্যস্ত দর্শক। কিন্তু বিগ বসের মঞ্চে তাঁর কড়া মেজাজ যেন সঞ্চালনার এক নতুন দিক তুলে ধরেছে। উল্লেখ্য, জি বাংলার ‘দাদাগিরি’ অনুষ্ঠানের হাত ধরেই টেলিভিশনের সঞ্চালক হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রায় ১০ বছর ধরে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এবার ‘বিগ বস বাংলা’-র দায়িত্ব সামলে সঞ্চালক হিসেবে নিজের পরিচিত গণ্ডি ভেঙেছেন মহারাজ।
কয়েক দিন আগেই সোশ্যাল মিডিয়ায় বিগ বস বাংলার টিম ও ক্রু সদস্যদের সঙ্গে একটি ছবি ভাগ করে নিয়েছিলেন সৌরভ। সেখানে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি লিখেছিলেন, গ্র্যান্ড ফিনালের দিকে এগিয়ে যাওয়ার এই সময়ে পিছন ফিরে তাকালে তাঁর মনে হচ্ছে, এই যাত্রা সত্যিই অসাধারণ। নতুন অভিজ্ঞতা, অনেক কিছু শেখা, হাসি-আনন্দ এবং দারুণ কিছু মানুষের সান্নিধ্য—সব মিলিয়ে বিগ বস বাংলা সঞ্চালনা তাঁর কাছে স্মরণীয় হয়ে থাকবে।

পাশাপাশি গোটা টিমের নিষ্ঠা, পরিশ্রম ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। সব মিলিয়ে ক্রিকেটের মাঠ থেকে টেলিভিশনের মঞ্চ—সৌরভের নতুন ইনিংস যে দর্শকদের পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদেরও মুগ্ধ করছে, তা স্নেহাশিসের কথাতেই স্পষ্ট।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.