বিগ বস বাংলার ফাইনাল যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে প্রতিযোগীদের মধ্যে সম্পর্কের সমীকরণ। এতদিন ঘরের মধ্যে খুনসুটি, মনোমালিন্য এবং ছোটখাটো ঝগড়া দেখা গেলেও এবার পরিস্থিতি যেন একেবারে অন্য মাত্রা নিল। জীতু কমল ও সৃজলা গুহকে নিয়ে রাজবীর দে-র একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে বিগ বসের ঘরে শুরু হল তুমুল অশান্তি। রাগ সামলাতে না পেরে রাজবীরকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন সৃজলা।
ঘটনার সূত্রপাত রাজবীরের একটি মন্তব্যকে ঘিরে। সম্প্রতি জীতু কমল ও সৃজলা গুহকে নিয়ে আপত্তিকর ইঙ্গিতপূর্ণ কথা বলেন রাজবীর। বিষয়টি প্রথমে সৃজলার কানে না এলেও পরে নিরঞ্জন মণ্ডল তাঁকে গোটা ঘটনা জানান। যদিও নিরঞ্জনের মুখ থেকে সম্পূর্ণ কথা শোনার আগেই কিছু একটা আঁচ করতে পেরেছিলেন অভিনেত্রী। তখনই রাজবীরকে উদ্দেশ্য করে হুঁশিয়ারির সুরে বলে ওঠেন, ‘মেরে ফেলে দেব, পুঁতে রেখে দেব।’
এরপর রাজবীরের বলা সম্পূর্ণ কথাটি জানতে পেরে আর চুপ করে থাকেননি সৃজলা। সরাসরি রাজবীরের মুখোমুখি হয়ে তীব্র প্রতিবাদ জানান তিনি। কথার মাঝে নন্দিনীর সঙ্গে রাজবীরের সম্পর্কের প্রসঙ্গও টেনে আনেন অভিনেত্রী। তাঁর বক্তব্য, নন্দিনীর সঙ্গে রাজবীরের ব্যক্তিগত সম্পর্ক বা অতীতে কী ঘটেছে, তা সম্পূর্ণ তাঁদের নিজস্ব বিষয়। কিন্তু সেই অভিজ্ঞতার ভিত্তিতে অন্য মেয়েদের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা কিংবা তাঁদের চরিত্র নিয়ে প্রশ্ন তোলার অধিকার রাজবীরের নেই।
রাজবীরের মানসিকতাকে নোংরা বলে আক্রমণ করেন সৃজলা। তাঁর দাবি, অন্যের চরিত্র নিয়ে এমন মন্তব্য করার আগে রাজবীরের নিজের আচরণ নিয়ে ভাবা উচিত। অভিনেত্রীর কথায়, রাজবীরের আসল মানসিকতা এবং উদ্দেশ্য এবার সকলের সামনে প্রকাশ্যে চলে এসেছে।
রাজবীরের পাশাপাশি এই ঘটনায় জীতু কমলকেও নিশানা করেন সৃজলা। তাঁকে উদ্দেশ্য করে ব্যঙ্গের সুরে বলেন, ‘ভাই বানাও, আরও ভাই বানাও।’ স্বাভাবিকভাবেই এই মন্তব্যের পর বিগ বসের ঘরের পরিবেশ আরও অস্বস্তিকর হয়ে ওঠে। গোটা ঘটনায় জীতু কমলও বেশ বিরক্ত হন। বিষয়টি নিয়ে সরাসরি বিগ বসের সঙ্গে কথা বলার আবেদন জানান তিনি। পরে বিগ বসের সঙ্গে নিজের অসন্তোষের কথাও আলোচনা করেন অভিনেতা।
অন্যদিকে, ঘরের ভিতরে এই ঝামেলা চললেও প্রতিযোগীদের কাছে চলতি সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই সপ্তাহেই রয়েছে ‘টিকিট টু ফিনালে’ জেতার লড়াই। এর মাধ্যমে চলতি সিজনের প্রথম ফাইনালিস্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে প্রতিযোগীদের মধ্যে চাপ ও উত্তেজনা দুটোই ক্রমশ বাড়ছে।

ইতিমধ্যেই এই প্রতিযোগিতার দৌড় থেকে ছিটকে গিয়েছেন রণিতা দাস এবং তনুশ্রী রায় দাস। চলতি সপ্তাহে তাঁরা দু’জনেই নমিনেশনের তালিকায় রয়েছেন। এখন দেখার, শেষ পর্যন্ত কে জিতে নেন ফাইনালে যাওয়ার টিকিট। আর রাজবীর-সৃজলার এই সংঘাত আগামী দিনে বিগ বসের ঘরের সমীকরণকে কোন দিকে নিয়ে যায়, সেটাই দেখার।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.