‘ধর্মযুদ্ধ জিততে শ্রীকৃষ্ণও কৌশলের আশ্রয় নিয়েছিলেন’, সৌরভকাণ্ডে বিতর্কের মুখে জীতু কমলের সাফাই!

বাংলা ‘বিগ বস’-এর ঘরে প্রতিদিনই বাড়ছে উত্তেজনা। টিকিট টু ফিনালে জেতার লড়াইয়ে প্রতিযোগীদের মধ্যে তৈরি হচ্ছে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু সম্প্রতি একটি টাস্ককে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে, তা নিয়ে রীতিমতো উত্তাল সোশ্যাল মিডিয়া। সহ-প্রতিযোগী সৌরভ দাসকে রিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে জীতু কমলের বিরুদ্ধে। এই ঘটনায় আহতও হয়েছেন সৌরভ। আর তারপর থেকেই নেটিজেনদের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা জীতু।

ঘটনাটি ঘটে ‘টিকিট টু ফিনালে’ টাস্ক চলাকালীন। অভিযোগ, টাস্কের মধ্যে সৌরভকে রিকশা থেকে সজোরে ধাক্কা দেন জীতু। এর ফলে সৌরভ ছাউনি ভেঙে নিচে পড়ে যান। ঘটনায় তাঁর হাতে চোট লাগে এবং রক্তপাতও হয়। এই দৃশ্য প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন দর্শকদের একাংশ। কেউ জীতুর আচরণকে অমানবিক বলে কটাক্ষ করেছেন, আবার কেউ তাঁর মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

এমনকী সৌরভের বাবা প্রকাশ্যেই জীতুকে ‘বিগ বসের মদতপুষ্ট দৈত্য’ বলে কটাক্ষ করেছিলেন। তবে এত বিতর্কের মধ্যেও নিজের অবস্থান থেকে সরতে নারাজ জীতু। বরং তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশিত একটি পোস্টকে ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। ওই পোস্টে শ্রীকৃষ্ণের উদাহরণ টেনে জীতুর খেলার কৌশলকে সমর্থন করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ধর্মযুদ্ধ জেতার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণকেও কৌশল ও ছলের আশ্রয় নিতে হয়েছিল। আর ‘বিগ বস’ যেহেতু একটি সারভাইভাল গেম, তাই সেখানে টিকে থাকতে শারীরিক শক্তির পাশাপাশি বুদ্ধি, স্ট্র্যাটেজি এবং কূটকৌশলেরও প্রয়োজন রয়েছে।

পোস্টে আরও দাবি করা হয়েছে, মহাভারতের কুরুক্ষেত্র থেকে শুরু করে ‘বিগ বস’-এর ময়দান, কোনও যুদ্ধই কৌশল ছাড়া জেতা সম্ভব নয়। টাস্কের নিয়মে অন্যদের উপর কিছু বিধিনিষেধ থাকলেও প্রতিদ্বন্দ্বীদের নিজস্ব রণকৌশলের ক্ষেত্রে কোনও বাধা ছিল না বলেও উল্লেখ করা হয়েছে। এমনকী বিগ বসের বক্তব্যকেও নিজেদের দাবির সমর্থনে তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়, পোস্টে বলা হয়েছে, শোয়ের শুরু থেকে জীতুর শরীরেও একাধিকবার আঘাত লেগেছে। কিন্তু তিনি কিংবা তাঁর অনুরাগীরা কখনও ভিকটিম কার্ড খেলার চেষ্টা করেননি। তাই বুদ্ধি ও স্ট্র্যাটেজির মাধ্যমে এগিয়ে যাওয়ার পর তাঁকে ভিলেন হিসেবে তুলে ধরা দ্বিচারিতা ছাড়া আর কিছুই নয়।

পোস্টের শেষদিকে আরও দাবি করা হয়েছে, জীতু কমল নিয়মের একচুলও বাইরে যাননি। বরং নিজের কৌশল ও উপস্থিত বুদ্ধির জোরেই তিনি যোগ্য বিজয়ী। প্রতিযোগীদের মধ্যে কে কীভাবে খেলবেন, তা সম্পূর্ণ তাঁদের ব্যক্তিগত বিষয়—বিগ বসের এই বক্তব্যকেও সমালোচকদের জবাব হিসেবে তুলে ধরা হয়েছে।

‘মহাদেবকে এবার একটু ছেড়ে দিন!’ বিগ বসে জীতুর আচরণে ক্ষুব্ধ তাপস পালের স্ত্রী নন্দিনী
‘মহাদেবকে এবার একটু ছেড়ে দিন!’ বিগ বসে জীতুর আচরণে ক্ষুব্ধ তাপস পালের স্ত্রী নন্দিনী

তবে জীতুর পাশে দাঁড়িয়ে এই সাফাই দেওয়ার চেষ্টা যে বিতর্ক কমাতে পারেনি, তা স্পষ্ট। বরং শ্রীকৃষ্ণের কুরুক্ষেত্রের কৌশলের সঙ্গে রিয়্যালিটি শোয়ের টাস্কের তুলনা টানায় নতুন করে সমালোচনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই অভিনেতার এই আচরণের বিরোধিতা করেছেন। ফলে ‘বিগ বস’-এর ঘরের লড়াই এখন আর শুধু প্রতিযোগীদের মধ্যেই সীমাবদ্ধ নেই, তা ছড়িয়ে পড়েছে দর্শকমহলেও।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক