সপ্তাহের শুরুতেই মন খারাপ করা খবর। মাত্র ৩০ বছর বয়সে মৃত্যু হল মধ্যপ্রদেশের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর নিধি তিওয়ারির। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, বন্ধু ও অনুরাগীদের মধ্যে। মৃত্যুর আগে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
ফেসবুক ও ইনস্টাগ্রামে বিপুল জনপ্রিয় ছিলেন নিধি। ফেসবুকে তাঁর প্রায় ৯ লক্ষ এবং ইনস্টাগ্রামে প্রায় ৭ লক্ষ অনুসারী ছিল বলে জানা গিয়েছে। মডেলিং, বিভিন্ন ইভেন্ট এবং ডিজিটাল কনটেন্টের মাধ্যমে নিজের পরিচিতি তৈরি করেছিলেন তিনি। ২০২৪ সালে ‘মিস প্রিটি ইন্ডিয়া’ খেতাবও জিতেছিলেন নিধি। পাশাপাশি চলচ্চিত্র জগতেও নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছিলেন তিনি।
তবে জনপ্রিয়তার মধ্যেই আচমকা তাঁর মৃত্যুতে হতবাক পরিচিতরা। বিশেষ করে মৃত্যুর আগে করা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট নতুন করে আলোচনায় এসেছে। সেখানে নিধি লিখেছিলেন, ‘এই অসম্পূর্ণ হৃদয়কে কেউ পূর্ণ করতে পারেনি। তাই আমি নিজেই নিজেকে পূর্ণ করেছি। এজন্যই বলা হয়, নিজেকে ভালোবাসো অন্য কাউকে নয়। নিজের মধ্যে নিজেকে খুঁজে নাও। আর কতদিন অন্যের মধ্যে নিজেকে খুঁজবে?’
নিধির এই লেখার সঙ্গে তাঁর মৃত্যুর কোনও সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে পোস্টটি ঘিরে তাঁর ঘনিষ্ঠজনদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। ব্যক্তিগত জীবনে কোনও মানসিক যন্ত্রণা বা সম্পর্কজনিত সমস্যার মধ্যে তিনি ছিলেন কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি।
পরিবারের দাবি অনুযায়ী, শনিবার সন্ধ্যায় দিল্লির এক ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলছিলেন নিধি। সেই সময় দু’জনের মধ্যে তর্কাতর্কি হয় বলে পরিবারের তরফে জানানো হয়েছে। এরপর নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন তিনি। রাতে খাবারও খাননি। দীর্ঘ সময় পর তাঁকে ঘরের ভিতর অচেতন অবস্থায় পাওয়া যায়।
তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এবং মৃত্যুর আগে ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই তদন্তের অংশ হিসেবে নিধির ফোনের কল রেকর্ড, ডিজিটাল কার্যকলাপ এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তাঁর শেষ ফোনালাপ এবং সোশ্যাল মিডিয়া পোস্টও তদন্তকারীদের নজরে রয়েছে।

নিধির মৃত্যুকে ঘিরে এখন একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। মৃত্যুর আগে তাঁর জীবনে ঠিক কী ঘটেছিল, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত স্পষ্ট হবে না।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.