বহু প্রতীক্ষার পর অবশেষে কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে দেখা গেল Alia Bhatt-কে। আন্তর্জাতিক মঞ্চে তাঁর উপস্থিতি ঘিরে অনুরাগীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এ বছর ল’রিয়াল প্যারিসের প্রতিনিধি হিসেবে উৎসবে হাজির হন অভিনেত্রী। তাঁর রেড কার্পেট লুক মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
স্টাইলিস্ট রিয়া কাপুরের তত্ত্বাবধানে আলিয়া বেছে নিয়েছিলেন ডিজাইনার তামারা রাল্ফের তৈরি একটি পিচ রঙের ক্যুচার গাউন। স্ট্র্যাপলেস পোশাকে ছিল সুইটহার্ট নেকলাইন এবং নরম শিফনের ড্রেপ, যা তাঁর সাজে এক ধরনের রাজকীয় আভা যোগ করে। মার্জিত অথচ স্নিগ্ধ এই লুককে সম্পূর্ণ করতে তিনি পরেছিলেন প্রবাল ও হিরের নেকলেস, যার সঙ্গে মানানসই পীচ টোনের জেমস্টোন নজর কেড়েছে। মেকআপেও ছিল সফট গ্ল্যাম ছোঁয়া— পিচ-গোলাপি আভা, হালকা শিমার এবং ন্যুড গ্লসি লিপস তাঁর সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তোলে।
এর আগে কানে আলিয়ার আরেকটি লুকও বেশ প্রশংসিত হয়েছিল। সেখানে তাঁকে দেখা যায় করসেট-স্টাইল বডি এবং স্প্যাগেটি স্ট্র্যাপযুক্ত গাউনে। সেই সাজের সঙ্গে সূক্ষ্ম গয়না বেছে নিয়েছিলেন অভিনেত্রী, যা তাঁর লুককে আরও পরিশীলিত করে তুলেছিল।
তবে আলিয়ার রেড কার্পেট উপস্থিতির পাশাপাশি নতুন করে আলোচনায় উঠে এসেছে Aishwarya Rai Bachchan-এর নামও। সম্প্রতি ল’রিয়াল প্যারিস কান চলচ্চিত্র উৎসব উপলক্ষে একটি প্রচারমূলক ভিডিও প্রকাশ করে। সেখানে ব্র্যান্ডের একাধিক আন্তর্জাতিক মুখকে তুলে ধরা হলেও দীর্ঘদিনের পরিচিত মুখ ঐশ্বর্য রাই বচ্চনকে দেখা যায়নি। আর সেই অনুপস্থিতিই সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনার জন্ম দেয়।
অনেক নেটিজেনের মতে, কান চলচ্চিত্র উৎসবের সঙ্গে ঐশ্বর্যের সম্পর্ক এতটাই গভীর যে তাঁকে ছাড়া উৎসবের আবহ যেন অসম্পূর্ণ। কেউ কেউ মন্তব্য করেছেন, আলিয়া নিজের জায়গায় যথেষ্ট আকর্ষণীয় হলেও ঐশ্বর্যের আইকনিক উপস্থিতির সঙ্গে তুলনা করা কঠিন। আবার কিছু দর্শক মনে করেছেন, আলিয়ার লুক অতিরিক্ত সাদামাটা হয়ে গিয়েছে আন্তর্জাতিক রেড কার্পেটের তুলনায়।
তবে সমালোচনার পাশাপাশি প্রশংসাও কম হয়নি। ফ্যাশন অনুরাগীদের একাংশের মতে, আলিয়া এ বার চড়া গ্ল্যামারের বদলে সফট ও এলিগ্যান্ট স্টাইল বেছে নিয়ে আলাদা পরিচিতি তৈরি করেছেন। এখন দেখার, এবারের কান চলচ্চিত্র উৎসবে ভারতের অন্যান্য তারকারা কতটা নজর কাড়তে পারেন বিশ্বমঞ্চে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.