বিগ বস বাংলায় অনুষ্কার এন্ট্রিতেই বদল সম্পর্কের সমীকরণ, রাজবীর-নন্দিনীর মাঝে কি ফাটল ধরানোর চেষ্টা?

‘বিগ বস বাংলা’র ঘরে নতুন ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে প্রবেশ করেই নিজের খেলার ছক স্পষ্ট করে দিয়েছেন অনুষ্কা ঘোষ। কলকাতার এই মডেল, যিনি ‘স্প্লিটসভিলা’-র জন্যও পরিচিত, ঘরে ঢোকার পর থেকেই একের পর এক প্রতিযোগীর সঙ্গে কথা বলে নতুন সমীকরণ তৈরি করছেন। তাঁর নজরে যেমন রাজবীর দে, তেমনই এবার আলোচনায় উঠে এসেছে নন্দিনী দত্তের সঙ্গে তাঁর কথোপকথন।

রাজবীরকে আলাদা করে ডেকে অনুষ্কা প্রথমেই তাঁকে সতর্ক করেন। নন্দিনীর প্রসঙ্গ টেনে তিনি রাজবীরকে নিজের খেলায় মন দেওয়ার পরামর্শ দেন। অনুষ্কার বক্তব্য, কারও প্রভাবে পড়ে যেন রাজবীর নিজের গেম নষ্ট না করেন। এরপর রাতের দিকে বাথরুম এরিয়ায় নন্দিনীর সঙ্গে কথোপকথনেও একই প্রসঙ্গ উঠে আসে। অনুষ্কার দাবি, রাজবীরকে কেন্দ্র করেই নন্দিনীর বেশিরভাগ সময় কাটছে। তাঁর প্রশ্ন, বাইরে সম্পর্ক বজায় রাখার কথা ভাবলেও বিগ বসের ঘরে প্রত্যেকের নিজের খেলার দিকে নজর দেওয়া উচিত।

অনুষ্কার কথায় নন্দিনীও নিজের অবস্থান ব্যাখ্যা করেন। রাজবীরের আগ্রাসী স্বভাব তাঁর নিজের আচরণেও কোনও প্রভাব ফেলছে কি না, তা জানতে চান তিনি। যদিও অনুষ্কা সরাসরি সেই প্রশ্নের উত্তর না দিয়ে নন্দিনীর সঙ্গে রাজবীরের সম্পর্ক নিয়েই প্রশ্ন তোলেন। অনুষ্কার বক্তব্য, ‘বিগ বস’-এর ঘর সম্পর্ক তৈরি করার জায়গা নয়, বরং নিজের খেলা খেলার মঞ্চ। রাজবীর ও নন্দিনীর অল্প সময়ের মধ্যেই তৈরি হওয়া ঘনিষ্ঠতাকেও তিনি গেমের দিক থেকে ‘ফেক’ বলে মনে করছেন বলে জানান।

তবে অনুষ্কার এই বিশ্লেষণের সঙ্গে একমত নন নন্দিনী। তাঁর দাবি, রাজবীরের সঙ্গে তাঁর সম্পর্কের মধ্যে কোনও মিথ্যা নেই। নিজের অনুভূতিকে সত্যি বলেই মনে করেন তিনি। একইসঙ্গে বাস্তব পরিস্থিতি বুঝতে সাহায্য করার জন্য অনুষ্কাকে ধন্যবাদও জানান নন্দিনী। এই কথোপকথনের পরেই প্রশ্ন উঠেছে, অনুষ্কা কি পরিকল্পনা করেই রাজবীর ও নন্দিনীর সমীকরণে প্রভাব ফেলতে চাইছেন? নাকি নিজের খেলার অংশ হিসেবেই দু’জনকে আলাদা করে ভাবতে বাধ্য করছেন? আপাতত উত্তর মেলেনি। তবে অনুষ্কার প্রবেশের পর যে ঘরের সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে, তা স্পষ্ট।

শুধু রাজবীর-নন্দিনীর সম্পর্ক নিয়েই নয়, ঘরে ঢোকার পর থেকেই অনুষ্কাকে সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে। মধ্যরাতে দুর্নিবার সাহার সঙ্গে মিলে রান্নাঘরে তুমুল হইচই করেন তিনি। সেই ঘটনায় ঘরের পরিবেশও উত্তপ্ত হয়ে ওঠে। গত ৩০ অগস্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় শুরু হয়েছে ‘বিগ বস বাংলা’। অনিন্দ্য সেনগুপ্তের পর প্রথম ওয়াইল্ড কার্ড হিসেবে প্রবেশ করেন রাজবীর দে। এরপর জীতু কমল এবং সবশেষে অনুষ্কা ঘোষ ওয়াইল্ড কার্ড হিসেবে ঘরে প্রবেশ করেছেন। সম্প্রতি অ্যালেক্সজান্দ্রা টেলর, সায়ক চক্রবর্তী এবং সোহিনী পাল খেলা থেকে বিদায় নিয়েছেন। অন্যদিকে বুধবারের টাস্কে জয়ী হয়ে ঘরের নতুন ক্যাপ্টেন হয়েছেন তনুশ্রী রায় দাস।

অনুষ্কার এই আগ্রাসী গেমপ্লে আগামী দিনে ‘বিগ বস বাংলা’র ঘরে কী ধরনের নতুন সমীকরণ তৈরি করে, এখন সেটাই দেখার।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক