বিগ বস বাংলা (Bigg Boss Bangla)-র ঘরে সম্পর্কের সমীকরণ যে কোনও মুহূর্তে বদলে যেতে পারে। কখনও ঝগড়া, কখনও বন্ধুত্ব, আবার কখনও রোম্যান্স—প্রতিদিনই নতুন চমক অপেক্ষা করে থাকে দর্শকদের জন্য। এবার রাজবীর দে এবং নন্দিনী দত্তর সম্পর্কেও দেখা গেল তেমনই এক বড় পরিবর্তনের ইঙ্গিত।
সম্প্রতি বিগ বসের ঘরে রাজবীর ও নন্দিনীর মধ্যে ঘনিষ্ঠতা নজর কেড়েছিল দর্শকদের। সারাদিনের মনোমালিন্যের পর রাতে পাশাপাশি শুয়ে থাকতে দেখা যায় দু’জনকে। এমনকী নন্দিনীর হাত শক্ত করে ধরে তাঁকে নানা কথা বলতে শোনা যায় রাজবীরকে। রাজবীর নন্দিনীকে বলেন, “তুমি এত স্ট্রং? আসলে তুমি যোগ্য বলেই আমি ওদের খেলায় একটু কাঠি করেছি।” রাজবীরের এমন কথায় লজ্জায় নন্দিনীর মুখ লাল হয়ে যায়। ফলে তাঁদের সম্পর্ক নিয়ে দর্শকদের মধ্যেও শুরু হয়েছিল নানা জল্পনা।
তবে রাতের সেই ঘনিষ্ঠতার পরেই যেন পুরো ছবিটা বদলে গেল। শনিবারের এপিসোডে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় প্রতিযোগীদের জন্য একটি মজার খেলার আয়োজন করেন। নিয়ম অনুযায়ী, পছন্দের প্রতিযোগীকে সবুজ রং এবং অপছন্দের প্রতিযোগীকে লাল রং দিতে হবে। নন্দিনীর পালা এলে তিনি কোনও দ্বিধা না করেই রাজবীরকে সবুজ রং দেন। অর্থাৎ পছন্দের মানুষ হিসেবেই রাজবীরকে বেছে নেন তিনি।
কিন্তু রাজবীরের পালা আসতেই দেখা যায় সম্পূর্ণ উল্টো ছবি। পছন্দের মানুষ হিসেবে তিনি বেছে নেন তনুশ্রীকে। অন্যদিকে নন্দিনীকে রাখেন অপছন্দের তালিকায়। শুধু তাই নয়, নন্দিনীর গালে লাল রং দিয়ে হৃদয়ের চিহ্নও এঁকে দেন তিনি। নন্দিনীকে লাল রং দেওয়ার কারণও ব্যাখ্যা করেন রাজবীর। তাঁর দাবি, ভরত কলের সঙ্গে তাঁর ঝামেলার পর নন্দিনী ভরতের দলের সঙ্গে বসে হাসাহাসি করেছিলেন। বিষয়টি রাজবীরের মোটেই ভালো লাগেনি। সেই কারণেই নন্দিনীকে অপছন্দের তালিকায় রেখেছেন বলে জানান তিনি।
রাজবীরের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে—তাহলে কি তাঁদের সম্পর্কের সমীকরণে ফাটল ধরেছে? নাকি এটি বিগ বসের ঘরের কৌশলেরই অংশ? উত্তর অবশ্য সময়ই দেবে। এদিকে ‘দাদার দরবার’-এও উত্তেজনা ছিল তুঙ্গে। ঘরের সদস্যদের বারবার ইংরেজিতে কথা বলতে নিষেধ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু তারপরও নিয়ম না মানায় মেজাজ হারাতে দেখা যায় সঞ্চালককে।
এরপর শুরু হয় এলিমিনেশন টাস্ক। বাক্স ফাটানোর খেলায় লাল রং পেয়ে ডেঞ্জার জোনে চলে যান দুর্নিবার সাহা, জয়িতা চ্যাটার্জি, সৃজলা গুহ এবং আলেকজান্দ্রিয়া। অন্যদিকে সবুজ রং পেয়ে সেফ জোনে জায়গা করে নেন দীপেন্দু বিশ্বাস এবং ভরত কল।
এখন সবার নজর রবিবারের এপিসোডে। ডেঞ্জার জোনে থাকা চার প্রতিযোগীর মধ্যে শেষ পর্যন্ত কে বিগ বসের ঘর থেকে বিদায় নেন, সেটাই দেখার।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.