বাস্তুশাস্ত্রে বাড়ির প্রতিটি কোণের আলাদা গুরুত্ব রয়েছে। তার মধ্যে ডাইনিং টেবিল বা খাবার টেবিল এমন এক জায়গা, যেখানে প্রতিদিন পরিবারের সবাই একত্রিত হন। শুধু খাবার গ্রহণ নয়, পারস্পরিক সম্পর্ক, মানসিক সংযোগ এবং পারিবারিক বন্ধনও এখানে গড়ে ওঠে। তাই বাস্তুশাস্ত্র অনুযায়ী এই জায়গায় জমে থাকা শক্তি সরাসরি সংসারের সুখ-শান্তি ও আর্থিক স্থিতির ওপর প্রভাব ফেলে।
অনেক সময় অজান্তেই আমরা কিছু ভুল অভ্যাস গড়ে তুলি, যা ধীরে ধীরে নেতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানায়। বাস্তুশাস্ত্র বলছে, খাবার টেবিলে রাখা কিছু নির্দিষ্ট জিনিস পারিবারিক অশান্তির বড় কারণ হয়ে উঠতে পারে।
১. এঁটো বাসন দীর্ঘক্ষণ টেবিলে রেখে দেওয়া
খাওয়া শেষ হওয়ার পর অনেক বাড়িতেই দেখা যায় বাসনপত্র পরিষ্কার না করে টেবিলেই রেখে দেওয়া হয়। বাস্তুশাস্ত্র মতে, এঁটো বাসন নেগেটিভ শক্তি আকর্ষণ করে। এর ফলে বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে, সদস্যদের মধ্যে অকারণ বিরক্তি, মানসিক চাপ ও মতবিরোধ বাড়তে থাকে। তাই খাওয়া শেষ হলেই বাসন সরিয়ে নেওয়াই শ্রেয়।
২. পোড়া বা নিভে যাওয়া মোমবাতি
সাজসজ্জার জন্য ডাইনিং টেবিলে মোমবাতি রাখা বা জ্বালানো দোষের নয়। কিন্তু মোমবাতি নিভে যাওয়ার পর আধপোড়া অবস্থায় রেখে দেওয়া বাস্তুশাস্ত্রে অশুভ। পোড়া মোমবাতি স্থবির শক্তির প্রতীক, যা সংসারের অগ্রগতি ও ইতিবাচক প্রবাহে বাধা সৃষ্টি করে।
৩. ক্যাকটাস বা কাঁটাযুক্ত গাছ
আজকাল অনেকেই ঘর সাজাতে ক্যাকটাস বা কাঁটাযুক্ত গাছ ব্যবহার করেন। কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী কাঁটা মানেই সংঘাত। খাবার টেবিলে এই ধরনের গাছ থাকলে পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি, তর্ক-বিতর্ক ও মানসিক অশান্তি বেড়ে যায়।
৪. পচা ফল বা নষ্ট খাবার
টেবিলের ওপর ফলের ঝুড়ি রাখা শুভ হলেও সেখানে যদি পচা বা নষ্ট ফল পড়ে থাকে, তবে তা নেতিবাচক শক্তির প্রতীক বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র বিশ্বাস করে, এর প্রভাবে বাড়ির সদস্যদের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে এবং বারবার অসুস্থতার সমস্যা দেখা দিতে পারে। তাই টাটকা ফল রাখলেও নিয়মিত পরীক্ষা করা জরুরি।
৫. বিল, রসিদ ও দেনাপাওনার কাগজ
অনেক বাড়িতে ডাইনিং টেবিলই হয়ে ওঠে অস্থায়ী ডকুমেন্ট রাখার জায়গা। বাজারের রসিদ, বিদ্যুৎ বিল বা দেনাপাওনার কাগজ জমতে থাকে। বাস্তুশাস্ত্র মতে, এতে আর্থিক অস্থিরতা তৈরি হয় এবং অপ্রত্যাশিত খরচ বাড়তে থাকে। অর্থ সংক্রান্ত কাগজের জন্য আলাদা জায়গা নির্ধারণ করাই ভালো।
সব মিলিয়ে বাস্তুশাস্ত্র বলছে, ডাইনিং টেবিল যত পরিষ্কার, সুশৃঙ্খল ও ইতিবাচক জিনিসে ভরা থাকবে, ততই সংসারে সুখ, সমৃদ্ধি ও পারিবারিক শান্তি বজায় থাকবে। সামান্য সচেতনতা আর নিয়ম মেনে চললেই অমঙ্গল দূরে রেখে ঘরে ফিরিয়ে আনা যায় শুভ শক্তি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.