দেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে ট্রেনযাত্রায় নিরাপত্তা আরও জোরদার করতে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। দার্জিলিং ও উত্তরবঙ্গমুখী ট্রেনেও এ বার কড়াকড়ি বাড়তে চলেছে। কেন্দ্রীয় রেলবোর্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে, দেশের সর্বত্র দূরপাল্লার ট্রেনে সংরক্ষিত আসনের যাত্রীদের টিকিটের সঙ্গে বাধ্যতামূলক ভাবে আসল পরিচয়পত্র যাচাই করতে হবে। বিশেষ নজর দেওয়া হবে ভারত-বাংলাদেশ ও ভারত-নেপাল সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে।
দার্জিলিং বা উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় যেতে হলে সাধারণত নিউ জলপাইগুড়ি (এনজেপি) বা শিলিগুড়ি স্টেশন ব্যবহার করতে হয়। এই দু’টি স্টেশনই বাংলাদেশ ও নেপাল—দু’টি আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি হওয়ায় এখানে রেলের নতুন নির্দেশিকা কঠোর ভাবে কার্যকর হবে বলে মনে করা হচ্ছে।
রেলের নিয়ম অনুযায়ী, দূরপাল্লার ট্রেনে সংরক্ষিত আসনের টিকিট কাটলে যাত্রীর সঙ্গে অবশ্যই আসল পরিচয়পত্র থাকতে হবে। একাধিক যাত্রী একসঙ্গে থাকলে তাঁদের মধ্যে যে কোনও একজনের পরিচয়পত্র যাচাই করলেই চলবে। তবে কোনও পরিচয়পত্র দেখাতে না পারলে, সংশ্লিষ্ট সকল যাত্রীকেই ‘টিকিটহীন’ হিসেবে গণ্য করা হতে পারে এবং সেই অনুযায়ী জরিমানা বা আইনি পদক্ষেপ নেওয়া হবে।
যাঁরা বিশেষ ছাড় বা নির্দিষ্ট ক্যাটেগরিতে (যেমন সিনিয়র সিটিজেন, প্রতিবন্ধী বা অন্য কোনও বিশেষ সুবিধা) টিকিট কাটেন, তাঁদের ক্ষেত্রেও সংশ্লিষ্ট প্রমাণপত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক। টিকিট পরীক্ষকের সেই নথি যাচাই করার পূর্ণ অধিকার থাকবে।
রেল সূত্রে জানা গিয়েছে, এত দিন এই নিয়ম থাকলেও বহু জায়গায় তা কঠোর ভাবে মানা হত না। অধিকাংশ ক্ষেত্রে কেবল টিকিট দেখেই যাত্রীদের ছেড়ে দেওয়া হতো। বুধবার জারি হওয়া নতুন বিজ্ঞপ্তিতে সেই পুরনো নিয়মই নতুন করে মনে করিয়ে দিয়ে বলা হয়েছে—এ বার থেকে কোনও ব্যতিক্রম নয়, সর্বত্র পরিচয়পত্র যাচাই বাধ্যতামূলক।
এই সিদ্ধান্তের পেছনে রয়েছে সীমান্ত নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগ। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার অপসারণের পর ভারত-বাংলাদেশ সম্পর্কের অবনতি হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া চলছে। অভিযোগ উঠেছে, সীমান্তে নজরদারি এড়িয়ে বাংলাদেশ ও নেপাল থেকে অবৈধ অনুপ্রবেশের ঘটনা বাড়ছে। সেই কারণেই এ বার ট্রেনযাত্রাতেও কড়া নজরদারি চালু করতে চাইছে রেল।
রেলের এই নতুন পদক্ষেপের ফলে দার্জিলিং ও উত্তরবঙ্গমুখী যাত্রীদের আরও সতর্ক হতে হবে। যাত্রার আগে টিকিটের সঙ্গে বৈধ ও আসল পরিচয়পত্র সঙ্গে রাখা এখন আর শুধুই নিয়ম নয়, বরং বাধ্যতামূলক বাস্তবতা।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.