জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বিধানসভায় বক্তৃতার সময় পহেলগাঁওয়ে জঙ্গিদের হত্যালীলায় ২৬ জনের মৃত্যুর জন্য নিজের ব্যর্থতার কথা মেনে নিলেন। পহেলগাঁওয়ে জঙ্গিদের হত্যাকাণ্ডের নিন্দায় জম্মু ও কাশ্মীর বিধানসভায় এক দিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। বক্তৃতার সময় পর্যটকদের নিরাপদে বাড়ি ফেরাতে ব্যর্থ হওয়ার জন্য ক্ষমা চেয়ে নেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর।
জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের সঙ্গে ওমরের সরকারের সরাসরি কোনও যোগ নেই। সেনা বাহিনী প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ এবং আধাসেনা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ। বর্তমানে জম্মু ও কাশ্মীর একটি কেন্দ্রশাসিত অঞ্চল। ফলে সেখানকার পুলিশি ব্যবস্থাও লেফটেন্যান্ট গভর্নরের অধীনে থাকে। সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন অনুসারে, পহেলগাঁও কাণ্ডের পর সংসদ ভবনে সর্বদল বৈঠকে নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির কথা স্বীকার করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে কেন্দ্রের তরফে প্রকাশ্যে ব্যর্থতার বিষয়ে কোনও মন্তব্যের কথা জানা যায়নি।
আরও পড়ুনপহেলগাঁওয়ে হত্যাকান্ডের পর ৫টি কড়া পদক্ষেপ নিল ভারত
সোমবার জম্মু ও কাশ্মীর বিধানসভায় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, এই ঘটনা গোটা দেশকে প্রভাবিত করেছে। আমরা অতীতেও অনেক হামলা দেখেছি। কিন্তু বৈসরনে এত বড় মাপের হামলা গত ২১ বছরে দেখা যায়নি। তিনি আরও যোগ করেছেন, আয়োজক হিসাবে পর্যটকদের নিরাপদে বাড়ি ফেরানো আমার কর্তব্য ছিল। কিন্তু আমি সেটা পারিনি। আমি জানি না মৃতদের পরিবারের কাছে কী ভাবে ক্ষমা চাইব। ক্ষমা চাওয়ার কোনও ভাষা আমার কাছে নেই। বস্তুত, গত মঙ্গলবার পর্যটকদের উপর যখন জঙ্গিরা হামলা চালিয়েছিল, সে সময় এক স্থানীয় সহিস জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। সৈয়দ আদিল নামে ওই সহিসের কথাও সোমবার বিধানসভায় তুলে ধরেছেন ওমর আবদুল্লা। তিনি বলেন, আদিল নিজের জীবনের কথা না-ভেবে অনেক পর্যটকের প্রাণ রক্ষা করেছেন। পালিয়ে যাওয়ার বদলে তিনি সেখানে দাঁড়িয়ে পর্যটকদের রক্ষা করতে নিজের প্রাণ দিয়েছেন। এছাড়াও এ দিন তিনি তুলে ধরেন, অন্য সহিস এবং স্থানীয় ব্যবসায়ীরা যে ভাবে পর্যটকদের পাশে দাঁড়িয়েছেন সে কথাও।
জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের সময় ‘পূর্ণ রাজ্যের মর্যাদা’ অন্যতম দাবি ছিল। ভোটের পরে ক্ষমতায় আসার পরবর্তী সময়েও এই নিয়ে বিভিন্ন সময়ে মন্তব্য করেছেন ওমর আবদুল্লা। তবে পহেলগাঁও কাণ্ডের নিন্দায় বিধানসভার বিশেষ অধিবেশনে ওমর জানিয়েছেন, ২৬ জনের লাশের উপর দাঁড়িয়ে তাঁরা পূর্ণ রাজ্যের দাবি তুলবেন না। এই অবস্থায় রাজ্যের দাবি নিয়ে তাঁরা কোনও রাজনীতি করবেন না বলে সাফ সাফ জানিয়ে দিয়েছেন ওমর আবদুল্লা।

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.