Swagata Dey: বাংলার লোকসঙ্গীত জগতে নেমে এল শোকের ছায়া। প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী স্বাগত দে (Swagata Dey) আর নেই। বুধবার রাতে বারাসতের একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২ আগস্ট ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হওয়ার পর প্রথমে তাঁকে বারাসত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বারাসত নবপল্লীর বাসিন্দা স্বাগত দে ‘ময়না ছলাত ছলাত’ গানের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ভাটিয়ালি-সহ বাংলার বিভিন্ন ধারার লোকসঙ্গীতে তাঁর অসাধারণ দক্ষতা ছিল। বিস্মৃতপ্রায় বহু লোকগান নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সঙ্গীতের পাশাপাশি অভিনয় জগতেও নিজের ছাপ রেখেছিলেন স্বাগত দে। ‘ভিঞ্চিদা’ ছবিতে তাঁর অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল।
ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, এক পুত্র এবং এক কন্যাকে রেখে গিয়েছেন। তাঁর প্রয়াণে সাংস্কৃতিক মহলে গভীর শোকের আবহ তৈরি হয়েছে। ইতিমধ্যেই সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন একাধিক শিল্পী। সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায় নিজের সমাজমাধ্যমে লিখেছেন, “তারাদের দেশে ভালো থেকো।”
স্বাগত দে-র অকালপ্রয়াণে বাংলার লোকসঙ্গীত জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। তাঁর কণ্ঠে পরিবেশিত গান ও লোকসঙ্গীত সংরক্ষণে তাঁর অবদান দীর্ঘদিন শ্রোতাদের মনে অমলিন হয়ে থাকবে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.