Madhumita: ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’-এর ‘পাখি’ চরিত্র দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita) এবার প্রথমবারের মতো পা রাখলেন বাংলাদেশে। সফরের কথা নিজেই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
আর সেই উপলক্ষ্যেই প্রকাশ করেছেন এক মনকাড়া লুক, যা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যায়, উজ্জ্বল লাল রঙের ঝলমলে শাড়িতে ধরা দিয়েছেন মধুমিতা। শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ, ভারী ঝুমকো, হাতে সোনালি চুড়ি এবং খোলা চুল! সব মিলিয়ে তার সাজে ছিল ঐতিহ্য ও আধুনিকতার নিখুঁত মেলবন্ধন।
হালকা মেকআপ, গাঢ় কাজল আর আত্মবিশ্বাসী অভিব্যক্তি তার সৌন্দর্য্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ছবিগুলি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘তুমি চেয়েছিলে এটা যেন তীব্র হয়,
তাই আমি সবটুকু উজাড় করে দিয়েছি।’ বাংলাদেশে প্রথম সফরকে ঘিরে অনুরাগীদের মধ্যেও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
দুই বাংলার ভক্তরা কমেন্টে ভালোবাসা উজাড় করে দিয়েছেন। কেউ লিখেছেন, ‘লাল শাড়িতে আপনাকে অপূর্ব লাগছে’, আবার কেউ বলেছেন, ‘বাংলায় স্বাগতম পাখি।’ আসলে কেরিয়ারের শুরু থেকে নিজস্ব ফ্যাশন সেন্স ও স্টাইল স্টেটমেন্টের জন্য পরিচিত মধুমিতা।
প্রতিটি নতুন লুকেই তিনি অনুরাগীদের চমকে দেন। বাংলাদেশ সফরের এই বিশেষ মুহূর্তেও তার ব্যতিক্রম হলো না। প্রথম সফরের স্মৃতিকে আরও রঙিন করে তুললো তার এই অনবদ্য লাল শাড়ির সাজ, যা নিঃসন্দেহে দুই বাংলার ফ্যাশনপ্রেমীদের কাছেও হয়ে উঠেছে অনুপ্রেরণার এক নতুন উদাহরণ।

Sudeshna has been writing entertainment reports since 2021.