Mahashivratri 2026 Rashifal:
মহাশিবরাত্রি ২০২৬ ঘিরে জ্যোতিষ মহলে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ ও উত্তেজনা। শিবভক্তদের কাছে এই পবিত্র তিথি এমনিতেই বিশেষ গুরুত্বপূর্ণ, তার উপর এবছর গ্রহ-নক্ষত্রের বিরল সংযোগ এই দিনটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি মহাশিবরাত্রির দিন একযোগে মঙ্গল, বুধ ও চন্দ্রের অবস্থান পরিবর্তনের ফলে গঠিত হতে চলেছে একাধিক শুভ যোগ।
জানা যাচ্ছে, ১৫ ফেব্রুয়ারি দুপুরের পর মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। একই সময় চন্দ্র অবস্থান নেবে মকর রাশিতে। এই যুগল অবস্থান কর্মজীবন, প্রশাসনিক কাজ এবং আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মত জ্যোতিষ বিশেষজ্ঞদের। বিশেষ করে যাঁরা দীর্ঘদিন ধরে উন্নতির অপেক্ষায় রয়েছেন, তাঁদের জন্য সময় অনুকূল হতে পারে।
এছাড়াও মহাশিবরাত্রির রাত আনুমানিক ৯টা নাগাদ বুধ পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এর ফলেই ১৬ ফেব্রুয়ারি থেকে তৈরি হবে শক্তিশালী মহালক্ষ্মী রাজযোগ। এই রাজযোগ ধনলাভ, আত্মবিশ্বাস বৃদ্ধি, সামাজিক মর্যাদা এবং কর্মক্ষেত্রে সাফল্যের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।
এই বিশেষ গ্রহযোগের সবচেয়ে বেশি সুফল পেতে পারেন মেষ রাশির জাতক-জাতিকারা। কর্মক্ষেত্রে পদোন্নতি, নতুন চাকরির সুযোগ, ব্যবসায় লাভজনক চুক্তি এবং প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপনের সম্ভাবনা প্রবল।
মিথুন রাশির ক্ষেত্রেও সময় অত্যন্ত শুভ। বুধের শক্তিশালী প্রভাবে যোগাযোগ দক্ষতা বাড়বে, বুদ্ধিবৃত্তিক কাজে সাফল্য আসবে। পড়াশোনা, লেখালেখি, সাংবাদিকতা, শিক্ষা বা মিডিয়ার সঙ্গে যুক্তদের জন্য এই সময় বিশেষ ফলপ্রসূ হতে পারে।
ধনু রাশির জাতকদের জন্যও রয়েছে সুখবর। ভাগ্যোন্নতির পাশাপাশি আর্থিক স্থিতি আসতে পারে। দীর্ঘদিন আটকে থাকা কাজ এগোনোর সুযোগ মিলবে এবং নতুন দিক খুলে যেতে পারে জীবনে।
অন্যদিকে, মকর রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। পার্টনারশিপের কাজে লাভ, সম্পত্তি সংক্রান্ত সিদ্ধান্তে সাফল্য, দাম্পত্য জীবনে ভারসাম্য এবং কর্মক্ষেত্রে স্বীকৃতি পাওয়ার যোগ তৈরি হচ্ছে।
এছাড়াও কর্কট, তুলা ও বৃষ রাশির জাতকরাও এই সময় কিছুটা স্বস্তি পেতে পারেন। স্বাস্থ্যগত উন্নতি, পরিশ্রমের ফল পাওয়া এবং পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় হওয়ার ইঙ্গিত দিচ্ছে গ্রহের অবস্থান।
জ্যোতিষীদের মতে, মহাশিবরাত্রির দিন উপবাস পালন, রুদ্রাভিষেক, শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ এবং শিবপুজো করলে এই শুভ গ্রহযোগের ফল আরও বৃদ্ধি পায়। তাই ভক্তদের কাছে মহাশিবরাত্রি ২০২৬ শুধু ধর্মীয় নয়, ভাগ্য পরিবর্তনের দিক থেকেও এক বিশেষ দিন হয়ে উঠতে চলেছে।