Mrunal Thakur: ‘যদি কেউ আমার ডিপফেক তৈরি করে…’, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি ম্রুণাল ঠাকুরের

কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) অপব্যবহারে তৈরি ডিপফেক ছবি ও ভিডিও নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। রাজনীতিক থেকে শুরু করে বিনোদন জগতের একাধিক তারকা ইতিমধ্যেই এই ধরনের ভুয়ো কনটেন্টের শিকার হয়েছেন। এবার ডিপফেক নিয়ে কড়া বার্তা দিলেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur)। সোশ্যাল মিডিয়ায় একটি সতর্কবার্তা শেয়ার করে ম্রুণাল স্পষ্ট জানিয়েছেন, তাঁর ছবি বা পরিচয় বিকৃত করে কোনও আপত্তিকর ছবি কিংবা ভিডিও তৈরি বা ছড়ানো হলে তিনি আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের বক্তব্য জানিয়ে অভিনেত্রী এমন কাজ অবিলম্বে বন্ধ করারও নির্দেশ দিয়েছেন।

‘এটিকে আমার আনুষ্ঠানিক নোটিস হিসেবে বিবেচনা করুন’

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ম্রুণাল জানান, তাঁর পরিচয়ের অপব্যবহার করে কোনও ধরনের আপত্তিকর কনটেন্ট তৈরি করা হলে বিষয়টি তিনি হালকাভাবে নেবেন না। তাঁর বার্তা, এই ধরনের কাজ অবিলম্বে বন্ধ করতে হবে। ভবিষ্যতে তাঁর ছবি বিকৃত করে বা পরিচয় ব্যবহার করে কোনও ডিপফেক কনটেন্ট তৈরি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী, আপত্তিকর ছবি বা ভিডিও তৈরি করা সম্পূর্ণ বেআইনি এবং কোনওভাবেই তা গ্রহণযোগ্য নয়। নিজের পোস্টটিকে নিছক সোশ্যাল মিডিয়া বার্তা হিসেবে না দেখে আনুষ্ঠানিক সতর্কবার্তা হিসেবে গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

ডিপফেক নিয়ে বাড়ছে তারকাদের উদ্বেগ

AI প্রযুক্তির উন্নতির সঙ্গে ছবি ও ভিডিও পরিবর্তন করা আগের তুলনায় অনেক সহজ হয়েছে। এরই সুযোগ নিয়ে একাধিক ক্ষেত্রে একজনের শরীরে অন্যের মুখ বসিয়ে ভুয়ো ভিডিও তৈরি করা হচ্ছে। অনেক সময় সেই কনটেন্টে সংশ্লিষ্ট ব্যক্তির মুখ এমনভাবে ব্যবহার করা হয়, যা শালীনতার সীমা লঙ্ঘন করে। সেলিব্রিটিদের ক্ষেত্রে এই ধরনের ডিপফেক দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। ফলে নিজেদের ছবি ও পরিচয়ের অপব্যবহার রুখতে সরব হচ্ছেন তারকারাও।

ডিপফেকের শিকার একাধিক তারকা
এর আগে রশ্মিকা মন্দানা, ক্যাটরিনা কাইফ, রণবীর সিং, আলিয়া ভাট-সহ একাধিক তারকার ছবি ও ভিডিও নিয়ে ডিপফেক বিতর্ক তৈরি হয়েছিল। ২০২৩ সালে রশ্মিকা মন্দানার একটি ডিপফেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। ঘটনাটিকে অত্যন্ত ভয়ংকর বলে মন্তব্য করেছিলেন অভিনেত্রী। তাঁর পাশে দাঁড়িয়েছিলেন অমিতাভ বচ্চন, নাগা চৈতন্য-সহ ইন্ডাস্ট্রির একাধিক তারকা।

ম্রুণালের পোস্ট
ম্রুণালের পোস্ট

ডিপফেকের ক্রমবর্ধমান ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। ফলে প্রযুক্তির সুবিধার পাশাপাশি তার অপব্যবহার রুখতে সচেতনতা এবং আইনি পদক্ষেপ—দুইয়ের প্রয়োজনীয়তাই ক্রমশ সামনে আসছে। ম্রুণাল ঠাকুর(Mrunal Thakur)-এর সাম্প্রতিক বার্তাতেও সেই উদ্বেগেরই প্রতিফলন। নিজের ছবি, পরিচয় এবং ব্যক্তিগত মর্যাদার অপব্যবহার কোনওভাবেই মেনে নেওয়া হবে না—ডিপফেক নির্মাতাদের উদ্দেশে কার্যত এই কড়া বার্তাই দিয়েছেন অভিনেত্রী।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক