‘কোহিনুর’ হিরের মতোই ভারতের ইতিহাস ও আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে আরও বহু ঐতিহাসিক সম্পদ, যা আজ দেশের বাইরে। সেই তালিকায় নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এল মুঘল যুগের বিখ্যাত ‘তাজমহল নেকলেস’। সম্প্রতি লস অ্যাঞ্জেলসে হলিউড অভিনেত্রী মার্গট রবি এই ঐতিহাসিক হার পরে জনসমক্ষে আসতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।
মার্গট রবি তাঁর আসন্ন ছবি ‘ওয়াদারিং হাইটস’-এর প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন নজরকাড়া সাজে। অফ-শোল্ডার পোশাক, পরিমিত মেকআপ ও এলিগ্যান্ট হেয়ারস্টাইলের সঙ্গে তাঁর গলায় থাকা ভারী হার মুহূর্তে নজর কাড়ে সকলের। সোশাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হতেই ভারতীয় নেটিজেনদের একাংশ ক্ষোভে ফেটে পড়েন। কারণ, ওই হার শুধুই একটি অলঙ্কার নয়—তা ভারতের মুঘল ইতিহাসের এক মূল্যবান স্মারক।
ইতিহাস বলছে, ১৭ শতকে মুঘল সম্রাট জাহাঙ্গীর তাঁর প্রিয় স্ত্রী বেগম নূর জাহানকে উপহার দিয়েছিলেন এই বিশেষ লকেটযুক্ত হার। হিরে ও রুবি খচিত ওই লকেটে পারসি ভাষায় খোদাই করা ছিল নূর জাহানের নাম এবং সেই সময়কালের উল্লেখ। পরবর্তীকালে মুঘল সাম্রাজ্যের উত্তরসূরি শাহজাহানের হাতে সেই হার পৌঁছয়। তিনি আবার তা উপহার দেন তাঁর স্ত্রী মমতাজ মহলকে। সেখান থেকেই এই গয়নার নাম হয় ‘তাজমহল নেকলেস’।
১৭৩৯ সালে পারস্যের শাসক নাদির শাহ ভারত আক্রমণ করলে মুঘলদের বহু মূল্যবান সম্পদের সঙ্গে এই হারও হারিয়ে যায়। এরপর হাতবদল হতে হতে তা পৌঁছে যায় পশ্চিমের দুনিয়ায়। বহু বছর পরে এই ঐতিহাসিক গয়নাটি কিনে নেন হলিউড অভিনেতা রিচার্ড বার্টন। প্রায় ৩ লক্ষ ৫০ হাজার ডলারের বিনিময়ে তিনি এটি সংগ্রহ করে স্ত্রী এলিজাবেথ টেলরকে তাঁর ৪০তম জন্মদিনে উপহার দেন।
মার্গট রবি জানিয়েছেন, এলিজাবেথ টেলরের প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি এই বিশেষ সন্ধ্যায় ওই হার পরেছিলেন। তাঁর কথায়, “এই গয়না পরার জন্য এর চেয়ে উপযুক্ত সন্ধ্যা আর হতে পারে না।” তবে এই বক্তব্যেই ক্ষোভ আরও বেড়েছে। অনেক ভারতীয় নেটিজেনের দাবি, অভিনেত্রী গয়নার আসল ইতিহাস উল্লেখ না করে শুধু হলিউড-সংযোগের কথাই তুলে ধরেছেন।
সোশাল মিডিয়ায় একের পর এক কটাক্ষ ধেয়ে এসেছে মার্গট রবির দিকে। কেউ লিখেছেন, “এটি ভারতের সম্পদ, দয়া করে ফেরত দিন।” আবার কেউ স্পষ্ট ভাষায় দাবি তুলেছেন, “লুটের মাল ভারতে ফিরিয়ে আনা হোক।” অনেকেই ‘কোহিনুর’ প্রসঙ্গ টেনে এনে বলছেন, বিদেশি সংগ্রহশালায় ভারতের ঐতিহ্য আটকে থাকার এই প্রবণতা নতুন নয়।
উল্লেখযোগ্যভাবে, ২০১১ সালে এলিজাবেথ টেলরের প্রয়াণের পর এই ‘তাজমহল নেকলেস’ নিলামে ওঠে এবং তার দাম ওঠে প্রায় ৭৫ কোটি টাকা। আজ সেই গয়না শুধুই একটি বিলাসবহুল অলঙ্কার নয়—তা ইতিহাস, উপনিবেশবাদ এবং সাংস্কৃতিক উত্তরাধিকার ফেরত আনার দাবির প্রতীক হয়ে উঠেছে।
মার্গট রবির গলায় ঝলমল করা সেই হার তাই শুধুই ফ্যাশনের অনুষঙ্গ নয়, বরং নতুন করে প্রশ্ন তুলেছে—ভারতের হারানো ঐতিহ্য কবে ফিরবে নিজের দেশে?

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.