বাড়িতে অতিথি আসার কথা, অথচ ঘরের ভেতর গুমোট ও অস্বস্তিকর গন্ধে টেকা দায়—এমন পরিস্থিতিতে অনেকেই তড়িঘড়ি রুম ফ্রেশনার ব্যবহার করেন। কিন্তু অধিকাংশ রুম ফ্রেশনারের তীব্র কৃত্রিম সুগন্ধ অনেক সময় সমস্যার সমাধান না করে উল্টে অস্বস্তি বাড়ায়। বিশেষ করে যেসব ঘরে পর্যাপ্ত আলো-বাতাস ঢোকে না, সেখানে এই কৃত্রিম সুগন্ধ দীর্ঘ সময় ভেসে থেকে শ্বাসকষ্টের কারণও হতে পারে।
অনেক বাড়িতেই জানালা এমন দিকে থাকে, যেখানে খোলা হাওয়া বা সূর্যের আলো সহজে ঢোকে না। ফলে ঘরের ভেতরের গুমোট ভাব সহজে কাটে না। মশলাদার রান্নার ঝাঁঝ, পোড়া তেলের গন্ধ, পোষ্যের মলমূত্রের গন্ধ কিংবা স্যাঁতস্যাঁতে দেওয়ালের গন্ধ—সব মিলিয়ে ঘরের পরিবেশ হয়ে ওঠে অস্বস্তিকর। ফিনাইল-জল দিয়ে ঘর মোছার পরও অনেক সময় এই দুর্গন্ধ পুরোপুরি দূর হয় না।
ভিনিগার কেন কার্যকর?
এই সমস্যার সহজ সমাধান লুকিয়ে আছে রান্নাঘরেই—হোয়াইট ভিনিগার। ভিনিগারে থাকা অ্যাসেটিক অ্যাসিড বাতাসে উপস্থিত গন্ধ-সৃষ্টিকারী যৌগগুলিকে নিরপেক্ষ করতে সাহায্য করে। সাধারণত রান্নায় মাছ-মাংস নরম করতে যে উপাদানটি ব্যবহৃত হয়, সেটিই ঘরের দুর্গন্ধ দূর করতেও কার্যকর ভূমিকা নেয়।
ব্যবহার পদ্ধতি
১. একটি চওড়া-মুখ বাটি নিন।
২. তাতে বিশুদ্ধ হোয়াইট ভিনিগার ঢালুন।
৩. বাটিটি ঘরের এক কোণে খোলা অবস্থায় রেখে দিন।
৪. বাটি ঢেকে রাখবেন না—ভিনিগারকে ধীরে ধীরে বাষ্পীভূত হতে দিন।
৫. রাতভর বা প্রায় ২৪ ঘণ্টা এভাবে রেখে দিন।
আরও পড়ুন:Lifestyle : চল্লিশের পর পুরুষদের যৌন ক্ষমতা কমে কেন? সুস্থ থাকতে জানুন কার্যকর উপায়
পরদিন দেখা যাবে, ঘরের দুর্গন্ধ অনেকটাই কমে গেছে। রান্নার গন্ধ, তেলচিটে ভাব, স্নানাগারের ঝাঁজালো গন্ধ বা স্যাঁতস্যাঁতে পরিবেশ—সব ক্ষেত্রেই এই পদ্ধতি কার্যকর হতে পারে।
সবচেয়ে বড় সুবিধা হলো, ভিনিগারে কোনও কৃত্রিম সুগন্ধ নেই। ফলে শ্বাস নিতে অস্বস্তি হয় না এবং অতিরিক্ত রাসায়নিকের ঝুঁকিও থাকে না।
কোন ক্ষেত্রে কাজে নাও লাগতে পারে?
তবে মনে রাখতে হবে, ভিনিগার কোনও এয়ার পিউরিফায়ার নয়। এটি বাতাস বিশুদ্ধ করে না, শুধু দুর্গন্ধের উৎসকে নিরপেক্ষ করতে সাহায্য করে। যদি গন্ধের কারণ হয় ব্যাকটেরিয়া, ছত্রাক, নর্দমা লিকেজ বা রাসায়নিক সমস্যা, তবে শুধু ভিনিগার ব্যবহার করে লাভ হবে না। সেক্ষেত্রে দ্রুত মিস্ত্রি বা প্লাম্বারের সাহায্য নেওয়াই শ্রেয়।
ঘরের অস্বস্তিকর গন্ধ দূর করতে তাই দামি স্প্রে নয়—এক বাটি ভিনিগারই হতে পারে সহজ, সাশ্রয়ী এবং কার্যকর সমাধান।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.