পার্টি হোক বা অনুষ্ঠানবাড়ি—নজরকাড়া লুক মানেই মসৃণ, উজ্জ্বল ত্বক। ভারী মেকআপে মুখ সাদা হয়ে যাওয়ার বদলে নিজের স্বাভাবিক গায়ের রঙে আভা থাকাই আজকের ট্রেন্ড। কিন্তু সাজগোজ করে বেরোনোর কিছুক্ষণের মধ্যেই যদি মুখে ভেসে ওঠে ‘লাফ লাইন’ বা ‘স্মাইল লাইন’, তাহলে গোটা লুকটাই মাটি। বিশেষ করে হাসলেই ঠোঁটের দু’পাশে বা থুতনির উপরের অংশে মেকআপ জমে গিয়ে বলিরেখা স্পষ্ট হয়ে ওঠে, যা দেখতে মোটেও সুন্দর লাগে না।
আসলে হাসলে মুখের ত্বক কুঁচকে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু সমস্যা শুরু হয় তখনই, যখন ত্বক শুষ্ক থাকে, বয়সের সঙ্গে কোলাজেন কমে যায় বা মেকআপ হয় অতিরিক্ত পুরু। অনেকের ক্ষেত্রে স্মাইল লাইন এতটাই গভীর হয় যে সেটি গর্তের মতো দেখায়। তবে নিয়মিত যত্ন, সঠিক খাবার এবং ঠিকঠাক মেকআপের মাধ্যমে এই সমস্যাকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
ময়েশ্চারাইজ়ারই প্রথম অস্ত্র
ত্বক শুষ্ক হলে বলিরেখা দ্রুত পড়ে। তাই শুধু সাজের দিনে নয়, বছরভর ত্বক আর্দ্র রাখা জরুরি। নিয়ম করে ক্লিনজ়িং, টোনিং ও ময়েশ্চারাইজ়িং করতে হবে। মরসুম অনুযায়ী ময়েশ্চারাইজ়ার বদলালেও রাতে অবশ্যই হাইড্রেটিং সিরাম বা ত্বকের উপযোগী নাইট ক্রিম ব্যবহার করা দরকার। পর্যাপ্ত জলপানের অভ্যাসও বলিরেখা কমাতে সাহায্য করে।
ফেস যোগা ও মাসাজে মিলবে টানটান ভাব
ফেসিয়াল, তেল মাসাজ় ও ফেস যোগা—এই তিনে ত্বকের রক্তসঞ্চালন বাড়ে। নিয়মিত মুখের ব্যায়াম করলে ত্বক টানটান থাকে, স্মাইল লাইনের গভীরতা ধীরে ধীরে কমে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোলাজেন কমে যাওয়াই বলিরেখার অন্যতম কারণ, যা নিয়মিত মাসাজ়ে কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকে।
খাবারেই লুকিয়ে ত্বকের সৌন্দর্য
ত্বকের সঙ্গে পুষ্টির গভীর সম্পর্ক রয়েছে। ভিটামিন, খনিজ ও প্রোটিনসমৃদ্ধ খাবার ত্বক ভালো রাখে। টাটকা ফল, শাক-সবজি, মাছ, ডিম, মুরগির মাংস নিয়মিত খেলে ত্বক ভিতর থেকে পুষ্ট হয়। বাদাম, বীজ ও ডালজাতীয় খাবার কোলাজেনের ঘাটতি পূরণে সাহায্য করে। একই সঙ্গে জাঙ্ক ফুড এড়ানো জরুরি।
মেকআপে ভুল হলেই বাড়ে সমস্যা
বিয়েবাড়ি বা পার্টিতে পুরু মেকআপ অনেক সময় স্মাইল লাইন আরও বেশি চোখে আনে। ত্বক যদি যথেষ্ট আর্দ্র না থাকে, তাহলে ফাউন্ডেশন ভাঁজে ভাঁজে জমে যায়। তাই মেকআপের আগে অবশ্যই ত্বকের উপযোগী প্রাইমার ব্যবহার করা দরকার। পাতলা স্তরের ফাউন্ডেশন ব্যবহার করুন এবং মাঝেমধ্যে টাচ আপ করে আঙুল বা ব্রাশ দিয়ে বলিরেখার জায়গা ব্লেন্ড করে নিন।
সিরামের ভূমিকা
ভিটামিন সি ও নায়াসিনামাইডযুক্ত সিরাম ত্বককে গভীরভাবে আর্দ্র রাখে। এগুলি বলিরেখা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতাও বাড়ায়।
কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন
যদি স্মাইল লাইন খুব গভীর হয়ে যায়, বিশেষত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, তাহলে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেতে পারে। ফিলার, লেজ়ার থেরাপির মতো আধুনিক চিকিৎসা পদ্ধতিতে এই সমস্যার সমাধান সম্ভব।
একগাল হাসি কখনও লুকের শত্রু হতে পারে না—শুধু প্রয়োজন সঠিক যত্ন, সচেতনতা আর একটু পরিকল্পনা। ত্বক ভালো থাকলে হাসিও হবে আরও সুন্দর।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.