ভালোবেসে নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে বিয়ে করেছিলেন ভারতীয় ক্রিকেটের ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথমে চুপিসারে রেজিস্ট্রি বিয়ে, পরে সামাজিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। দেখতে দেখতে কেটে গিয়েছে ২৪ বছর। কন্যা সানাকে নিয়ে তাঁদের সংসার সুখী, স্থিতিশীল এবং ভালোবাসায় ভরা। সেই সম্পর্ক নিয়ে কোনও প্রশ্ন নেই। কিন্তু এর মধ্যেই হঠাৎ শোনা গেল—এবার নাকি সৌরভ নিজেই বাছবেন ‘নিজের বউ’! স্বাভাবিকভাবেই কানাঘুষো শুরু হয় টলিপাড়া থেকে ক্রিকেট মহল—সব জায়গায়।
তবে এখানে বাস্তব জীবনের দাম্পত্যে কোনও ফাটল নয়, বরং গল্পটা পুরোপুরি সিনেমার। বহুদিন ধরেই শোনা যাচ্ছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনী অবলম্বনে তৈরি হতে চলেছে একটি বায়োপিক। সেই ছবিতে মহারাজের চরিত্রে অভিনয় করবেন রাজকুমার রাও—এ কথা ইতিমধ্যেই চূড়ান্ত। কিন্তু প্রশ্ন উঠেছে, পর্দার ডোনা কে হবেন? অর্থাৎ সৌরভের জীবনে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কাকে দেখা যাবে?
এই চরিত্র নির্বাচন নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। প্রথমদিকে বি-টাউনের বেশ কয়েকজন অভিনেত্রীর নাম উঠে এলেও পরে শোনা যায়, এই গুরুত্বপূর্ণ ভূমিকায় টলিপাড়ার কোনও অভিনেত্রীকেই নেওয়া হতে পারে। আর সেখানেই আসে সবচেয়ে বড় খবর—ডোনার চরিত্রে কে অভিনয় করবেন, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নাকি নেবেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই।
আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে ছবির পরিচালক স্পষ্ট করেন, আপাতত এই বিষয়ে কিছু জানানো সম্ভব নয়। তাঁর কথায়, “দাদা এখন বিদেশে রয়েছেন। তিনি ফিরে এলে আলোচনা করে তিনিই নায়িকার নাম চূড়ান্ত করবেন।” অর্থাৎ বাস্তব জীবনের স্ত্রীকে যিনি এত বছর ধরে ভালোবেসে আগলে রেখেছেন, পর্দায় তাঁর চরিত্রে কাকে মানাবে—সেই বিচারভার থাকছে মহারাজের হাতেই।
তবে সম্ভাব্য নামের তালিকা মোটেই ছোট নয়। এক সময় শোনা গিয়েছিল ইশা সাহার নাম। কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার মতে, ইশার সঙ্গে ডোনার চেহারার মিল রয়েছে। পরে আলোচনায় আসে মিমি চক্রবর্তীর নামও। যদিও পরে জানা যায়, এই ছবিতে ডোনার চরিত্রে মিমিকে দেখা যাবে না। সাম্প্রতিক জল্পনায় উঠে এসেছে আরও চারজন জনপ্রিয় অভিনেত্রীর নাম—কোয়েল মল্লিক, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, জয়া আহসান এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই চারজনের মধ্যেই কি শেষ পর্যন্ত চূড়ান্ত হবেন কেউ? উত্তর মিলবে খুব শীঘ্রই।
উল্লেখযোগ্য বিষয় হল, সৌরভ গঙ্গোপাধ্যায় বর্তমানে বিদেশে ব্যস্ত থাকলেও খুব শিগগিরই তিনি দেশে ফিরবেন। দেশে ফিরেই একদিকে যেমন বায়োপিকের নায়িকা নির্বাচন করবেন, অন্যদিকে স্টার জলসার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর সঞ্চালনার দায়িত্বও সামলাবেন। সব মিলিয়ে ব্যস্ত সময় অপেক্ষা করছে মহারাজের জন্য।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং শুধু কলকাতাতেই নয়, মুম্বই এবং লন্ডন মিলিয়ে একাধিক গুরুত্বপূর্ণ লোকেশনে হবে। ক্রিকেট মাঠ থেকে প্রশাসক হিসেবে তাঁর উত্থান, ব্যক্তিগত জীবন ও পারিবারিক সম্পর্ক—সব মিলিয়েই এই ছবি ঘিরে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। আর সেই প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে এখন একটাই প্রশ্ন—পর্দার ডোনা কে হবেন, যাঁকে নিজে বেছে নেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.