দেশজুড়ে ইন্ডিগোর বিমান পরিষেবায় টানা চার দিন ধরে ব্যাপক বিপর্যয় সৃষ্টি হয়েছে। পাইলট সঙ্কট ও প্রযুক্তিগত ত্রুটির জেরে বাতিল হয়েছে হাজারেরও বেশি ফ্লাইট। আচমকা পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তির শিকার হয়েছেন শত শত যাত্রী। এমন পরিস্থিতিতে যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে দ্রুত সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেলওয়ে। চালু করা হল একাধিক স্পেশাল ট্রেন।
রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬ ডিসেম্বর শনিবার রাত ৯টা ৩৫ মিনিটে চেরলাপল্লি থেকে রওনা দিয়েছে ০৭১৪৮ চেরলাপল্লি-শালিমার স্পেশাল ট্রেন।
এরপর ৭ ডিসেম্বর রবিবার দুপুর ২টো ৪৫ মিনিটে ছাড়ে ০৮০৭৩ সাঁতরাগাছি–ইলাহাঙ্কা স্পেশাল।
সোমবার রয়েছে দু’টি গুরুত্বপূর্ণ বিশেষ ট্রেন—
রাত ১১টা ৫ মিনিটে ০২৮৬৯ সিএসএমটি মুম্বই-হাওড়া স্পেশাল
রাত ২টা ১০ মিনিটে ০৭১৪৯ শালিমার-চেরলাপল্লি স্পেশাল
মঙ্গলবার বিকেল ৪টা ৪৫ মিনিটে ছাড়বে ০৮০৭৪ ইলাহাঙ্কা–সাঁতরাগাছি স্পেশাল।
খড়্গপুর ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমান চলাচলে বিপর্যয়ের কারণে বিকল্প পরিবহনের জোরালো প্রয়োজন দেখা দিয়েছে। সেই কারণেই সাধারণ যাত্রীদের সুবিধার্থে এই বিশেষ ব্যবস্থা। দক্ষিণ-পূর্ব রেলওয়ের সিনিয়র ডিসিএম নিশান্ত কুমার জানান, যাত্রীদের যাতায়াতে সমস্যা না হয়— সেদিকেই গুরুত্ব দিয়ে বিশেষ ট্রেনগুলি চালানো হচ্ছে। রেলের এই উদ্যোগে খুশি যাত্রীরা ইতিমধ্যেই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।
অন্যদিকে, পরিস্থিতি স্বাভাবিক করতে তৎপর ইন্ডিগো। সংস্থার পক্ষ থেকে একাধিক বিবৃতিতে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটের টিকিটের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। ডিসেম্বরের ১০ থেকে ১৫ তারিখের মধ্যে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ইন্ডিগোর সিইও।
দেশের প্রধান বেসরকারি এয়ারলাইনের এহেন বিপর্যয়ে যাত্রীদের পাশে দাঁড়াতে রেলের এই দ্রুত পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়।
আরও পড়ুন
আজ থেকে চালু, শৌচাগারসহ নতুন মেমু রেকে ছুটবে কলকাতা–লালগোলা প্যাসেঞ্জার

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.