Swastika-Santu: বাবা সন্তু মুখার্জির (Santu) প্রয়াণ দিবসে আবেগঘন খোলা চিঠি অভিনেত্রী তথা কন্যা স্বস্তিকা মুখার্জির (Swastika)। ২০২০ সালের ১১ই মার্চ কার্ডিয়াক অ্যারেস্টে পরলোক গমন করেছিলেন অভিনেতা। তারপর থেকে প্রত্যেকটি মুহূর্ত তার অনুপস্থিতি অনুভব করছেন অভিনেত্রী। বাবার সাথে ভীষণ গভীর সম্পর্ক ছিল তার। তাইতো তার এভাবে চলে যাওয়া এখনো পর্যন্ত মেনে নিতে পারেননি। ছোট ছোট বিষয়গুলো এখনো মনে রেখেছেন অভিনেত্রী। বাবার সাথে তোলা একটি পুরনো ছবি পোস্ট করে তিনি লিখেছেন লম্বা বার্তা। যা দেখে চোখ ভিজেছে নেটিজেনদের।
লিখেছেন, ‘কত কিছু ঘটতে থাকে প্রতিনিয়ত, কত রঙ্গ দেখাচ্ছে দুনিয়া, তুমি থাকলে রোজ রাতে এই নিয়ে আমাদের মিটিং চলত আমি নিশ্চিত, তুমি হাসি দিয়ে শুরু করে তারপর গালাগাল দিয়ে ভূত ভাগাতে। তোমার ওই অট্টহাসি রোজই মনে পড়ে বাবা। প্রাণ-মনখোলা হাসির প্রতিযোগিতা হলে তুমি আর মা প্রত্যেকবার প্রথম প্রাইজ পেতে। আহা। অমন করে আজকাল কেউ হাসে না। বেশি জোরে হাসলে আবার লোকে কী বলবে এই চিন্তা এখন বড় চিন্তা।’
‘কোনও নতুন কাজ শুরু করলে মনে হয় ইশ এটা তুমি জেনে গেলে পারতে। কোনও নতুন কাজ বেরোলে মনে হয় ইশ এটা তুমি দেখে গেলে পারতে। ইশ এর পাহাড় একদিন কাঞ্চনজঙ্ঘাকেও ছাড়িয়ে যাবে বাবা। এই দিনটা এলেই সকাল থেকে মনটা কেমন ঘড়ির দিকে তাকিয়ে থাকে। এখনও ছিলে, এখনও বাইরের ঘরের খাটটায় তোমায় দেখতে পাচ্ছিলাম। এখনও তোমার গায়ে হাত দিলে তুমি জানান দিচ্ছিলে আছো। এই আছো টাই আশ্রয়। সে থাকা যেমনই হোক তবু তো থাকা। বটের ছায়ার মতন আরামের, শান্তির, ভরসার।’
‘ভালো থেকো বাবা। যত্নে থেকো। জীবনে যত্নটাই সব। তোমার বড় স্টিলের গেলাসটাই এখন আমার গেলাস। দাদার গেলাস থেকে নাম পাল্টে এখন ওটা বড়দির গেলাস হয়েছে। যতবার ওটা হাতে নিয়ে চুমুক দিই ততবার তোমার হাতটা চোখের সামনে ভাসে। পুরুষ মানুষের অমন সুন্দর হাত, পা জন্মে দেখিনি। অবিকল ঈশ্বরের মতন। সুন্দর মানুষ, সুন্দর থেকো। আর আমাদের যা কথা ছিল মনে রেখ। পরের বারটায় তুমিই আসছো কিন্তু। ভুলে আবার অন্য কোথাও চলে যেওনা।’
‘কোথা দিয়ে হুশ করে ৬ টা বছর কেটে গেল বাবা। এইভাবেই হুশ করে বাকিটাও চলে যাবে তারপর আবার তোমায় দেখতে পাব। মেঘের দেশে।
তোমায় আমি খুব ভালবাসি বাবা। রোজ বাড়ি ফিরে একবার করে তোমায় সে কথা বলা উচিত ছিল। বলিনি। দেখা হলে জাপটে জড়িয়ে ধরে বলব না হয়। শুটিং করতে পাহাড়ে এসছি। আজ ভোর থেকে কেমন মেঘাচ্ছন্ন হয়ে আছে চারদিক। এই মেঘের মধ্যেই তুমি আছো, তাই বারান্দা দিয়ে ঘরে ঢুকে পড়ছ বুঝি ? তুমি আছো জানান দিচ্ছো বাবা? আকাশ থেকে নেমে তাই এভাবে আলিঙ্গন করছ? আকাশটাও আজ কেমন থম মেরে আছে, তারও যেন মন খারাপ। সে আঁচল বিছিয়ে কার পথ আগলে আছে কে জানে ? ১১ই মার্চ।’

Hello, I am SB. I have been working in blogging for more than five years.