রাজ্য সরকারের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের কর্মীদের জন্য নতুন কর্মপদ্ধতি চালু হতে চলেছে। এবার থেকে শুধু কর্মদিবস নয়, প্রয়োজন অনুযায়ী শনিবার, রবিবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনেও নির্দিষ্ট কর্মীদের অফিসে উপস্থিত থাকতে হবে।
রাজ্য সরকারের তরফে জারি করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের প্রয়োজনে উচ্চপদস্থ আধিকারিকদের প্রায়ই ছুটির দিনেও দায়িত্ব পালন করতে হয়। সেই পরিস্থিতিতে তাঁদের প্রয়োজনীয় সহায়তা ও দাপ্তরিক কাজ যাতে নির্বিঘ্নে সম্পন্ন করা যায়, তার জন্য সংশ্লিষ্ট দফতরের কর্মীদেরও পালাক্রমে অফিসে উপস্থিত থাকার ব্যবস্থা করা হচ্ছে।
নতুন নিয়ম অনুযায়ী, কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের বিভিন্ন শাখার কর্মীদের নিয়ে একটি বিশেষ রোস্টার তৈরি করা হবে। সেই রোস্টার অনুসারেই নির্ধারিত হবে কোন কর্মী কোন ছুটির দিনে অফিসে দায়িত্ব পালন করবেন।
সরকারি সূত্রের দাবি, প্রশাসনিক কাজের ধারাবাহিকতা বজায় রাখা এবং জরুরি দাপ্তরিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। উল্লেখযোগ্যভাবে, এই দফতরের অধীনেই জেলার প্রশাসনিক কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ যেমন জেলা শাসকের দফতর, মহকুমা শাসকের কার্যালয় এবং বিডিও অফিসের সঙ্গে সমন্বয়ের কাজ পরিচালিত হয়।
প্রশাসনিক মহলের একাংশের মতে, এই নতুন ব্যবস্থা কার্যকর হওয়ার পর ভবিষ্যতে রাজ্যের অন্যান্য প্রশাসনিক দফতর বা জেলা স্তরের সরকারি অফিসগুলিতেও একই ধরনের পালাক্রমে ছুটির দিনের ডিউটির ব্যবস্থা চালুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.