রবিবার সকাল থেকেই কলকাতা মেট্রোর গ্রিন লাইনে পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা। হাওড়া ময়দান থেকে মেট্রো ধরার উদ্দেশ্যে সকাল সকাল স্টেশনে পৌঁছে লম্বা লাইনে দাঁড়িয়েও বিপাকে পড়তে হয় বহু মানুষকে। দেখা যায়, স্টেশনের গেট বন্ধ, অথচ কোথাও কোনও আগাম ঘোষণা নেই। ফলে যাত্রীরা সম্পূর্ণভাবে ক্লুলেস অবস্থায় পড়ে যান।
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে কারণ রবিবার সকালে বাস ও ট্রেনের সংখ্যা তুলনামূলক কম থাকে। তার উপর কনকনে ঠান্ডায় গাড়ি পাওয়া কঠিন হয়ে পড়ে। অনেক যাত্রী ভেবেছিলেন, ছুটির সকালে মেট্রো ধরেই সহজে হাওড়া থেকে কলকাতায় পৌঁছে যাবেন। কিন্তু হাওড়া ময়দান স্টেশনে এসে গেট বন্ধ দেখে তাঁদের সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়।
যাত্রীদের অভিযোগ, সকাল থেকে পরিষেবা বন্ধ থাকলেও কোথাও কোনও ঘোষণা বা মাইকিং করা হয়নি। এমনকি স্টেশনের কর্মীরাও স্পষ্ট করে কিছু জানাতে পারেননি। ফলে বহু বয়স্ক মানুষ, শিশু ও সাধারণ যাত্রীদের চরম সমস্যার মধ্যে পড়তে হয়।
মেঘনা মণ্ডল নামে এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “সকাল সকাল এমন ভোগান্তিতে পড়তে হবে ভাবিনি। হাওড়া ময়দান স্টেশনে এসে দেখি দু’দিকেরই গেট বন্ধ। কেউ কিছু বলছে না। পরে বাস ধরে এসপ্ল্যানেড আসি। পথে দেখি মহাকরণ স্টেশনেও গেট বন্ধ। পরিষেবা বন্ধ হলে অন্তত আগাম জানানো উচিত ছিল।”
আরও পড়ুন
ট্রেনের ধাক্কায় মৃত্যু তিন, মোদির সভায় যোগ দিতে এসে তাহেরপুরে মর্মান্তিক দুর্ঘটনা
যাত্রীদের আরও দাবি, সাধারণত মেট্রোর পরিষেবা ব্যাহত হলে তা সংবাদমাধ্যম বা অন্যান্য মাধ্যমে আগাম জানানো হয়। কিন্তু রবিবার গ্রিন লাইনে মেট্রো চলবে না—এই তথ্য কেন আগে জানানো হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠছে।
পরে জানা যায়, শনিবার রাতভর গ্রিন লাইনে সিগন্যালিং ও একাধিক টেকনিক্যাল কাজ চলছিল। সেই কারণেই সকালের নির্ধারিত সময়ে মেট্রো পরিষেবা চালু করা সম্ভব হয়নি। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কান্নান ‘এই সময় অনলাইন’-কে জানান, রবিবার বেলা ১২টা থেকে গ্রিন লাইনে মেট্রো চালু হওয়ার কথা।
অবশেষে দুপুর ১২টা ৩১ মিনিটে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়, ATO (অটোমেটিক ট্রেন অপারেশন) টেস্টিংয়ের জন্য দুপুর ১২টা থেকে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়েছে।
তবে যাত্রীদের একাংশের প্রশ্ন, প্রযুক্তিগত কাজ থাকলেও আগাম ঘোষণা না করে এ ভাবে যাত্রীদের নাকাল করার কোনও যুক্তি নেই। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে মেট্রো কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার দাবি উঠছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.