হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার ট্রেনের অভূতপূর্ব সাফল্যের পর রেল মন্ত্রকের তরফে এল বড় ঘোষণা। দেশজুড়ে বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর পরিকল্পনা করছে ভারতীয় রেল। এই সংখ্যাটা শুনলে সত্যিই চমকে যেতে হয়—মোট ২৬০টি বন্দে ভারত স্লিপার ট্রেনের রেক তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
বুধবার লোকসভায় লিখিত প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী জানান, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) এবং BEML-এর সহযোগিতায় ধাপে-ধাপে বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি করা হবে। প্রথম ধাপে একটি প্রোটোটাইপ রেক তৈরি করা হবে। সেই রেকের সফল ট্রায়ালের পরেই শুরু হবে পূর্ণাঙ্গ উৎপাদন প্রক্রিয়া।
রেল সূত্রে জানা গিয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেনের রুট নির্বাচন সম্পূর্ণভাবে নির্ভর করবে রেলের প্রস্তুতি এবং যাত্রীদের চাহিদার উপর। অর্থাৎ যেসব রুটে দীর্ঘ দূরত্বে রাতের যাত্রার চাহিদা বেশি, সেসব রুটেই অগ্রাধিকার পেতে পারে এই আধুনিক স্লিপার ট্রেন।
রেলমন্ত্রকের পরিকল্পনা অনুযায়ী, এই ট্রেনগুলিও একাধিক প্রজন্মে (Generation) তৈরি হবে। ঠিক যেমন বন্দে ভারত এক্সপ্রেসের বিভিন্ন সংস্করণ রয়েছে, তেমনই সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বন্দে ভারত স্লিপার ট্রেনও আরও আধুনিক হয়ে উঠবে। বর্তমানে ১৬ কোচের বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি করা হয়েছে। তবে হাওড়া-কামাখ্যা রুটে ব্যাপক সাফল্যের পর কোচ সংখ্যা বাড়িয়ে ২৪ কোচে উন্নীত করার প্রস্তুতি শুরু হয়েছে।
এতেই শেষ নয়। রেলমন্ত্রীর বক্তব্যে ইঙ্গিত মিলেছে, ভবিষ্যতে ধাপে-ধাপে গুরুত্বপূর্ণ রুটে চলা প্রিমিয়াম ট্রেনগুলির পরিবর্তে বন্দে ভারত স্লিপার ট্রেন চালানো হতে পারে। যেমন শতাব্দী এক্সপ্রেসের জায়গায় ইতিমধ্যেই বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে। তেমনই রাজধানী এক্সপ্রেসের মতো দীর্ঘ দূরত্বের প্রিমিয়াম ট্রেনের স্থান ধীরে-ধীরে বন্দে ভারত স্লিপার ট্রেন দখল করতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
বন্দে ভারত স্লিপার ট্রেনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য
এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮০ কিলোমিটার, তবে বাণিজ্যিকভাবে চলবে ঘণ্টায় ১৬০ কিমি গতিতে।
প্রতিটি কোচে থাকছে সিসিটিভি ক্যামেরা, যা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করবে।
আধুনিক কবচ নিরাপত্তা ব্যবস্থা থাকছে, যা দুর্ঘটনা প্রতিরোধে বড় ভূমিকা নেবে।
সব মিলিয়ে বলা যায়, বন্দে ভারত স্লিপার ট্রেন ভারতীয় রেলের দীর্ঘ দূরত্বের যাত্রায় এক নতুন যুগের সূচনা করতে চলেছে। যাত্রীস্বাচ্ছন্দ্য, গতি ও নিরাপত্তার মেলবন্ধনে এই ট্রেন ভবিষ্যতে রেলের মুখ বদলে দেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Hello, I am Biplab Baroi. I have been working in blogging for more than four years. I began my journey in the digital media industry in 2021.
Along with covering daily news and current events, I write articles on tech news, smartphones, and astrology. My work is created strictly for educational purposes use only.