‘বঙ্গবিভূষণ’ সম্মান পাওয়ার পর তীব্র ট্রোলিংয়ের মুখে পড়ে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন গায়িকা Iman Chakraborty। তবে এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসে আবার সমাজমাধ্যমে সক্রিয় হওয়ার কথা জানালেন তিনি। আর এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে বড় ভূমিকা রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র পরামর্শের।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইমন জানান, তিনি মুখ্যমন্ত্রীর কথা মেনে খুব শীঘ্রই আবার সোশ্যাল মিডিয়ায় ফিরবেন। তাঁর কথায়, “আমি দিদির কথাটা শিরোধার্য করলাম। আসলে কষ্টটা খুব মনে পেয়েছি। কথাটা খুব মনে লেগেছে। তাই মন খারাপটা কাটতে একটু সময় লাগবে। তবে ঠিক হয়ে যাবো।”
পরিবার নিয়ে কটূক্তিতে ভেঙে পড়েছিলেন গায়িকা
ইমন জানান, নিজের সম্পর্কে খারাপ কথা শুনলেও তিনি তা অনেক সময় এড়িয়ে যেতে পারেন। কিন্তু তাঁর পরিবারের মানুষদের নিয়ে কটূক্তি করা হলে সেটা তিনি সহজে মেনে নিতে পারেন না। বিশেষ করে তাঁর প্রয়াত মাকে নিয়ে করা মন্তব্য তাঁকে গভীরভাবে আঘাত করেছিল।
গায়িকা বলেন, “আমার জন্য আমার পরিবারের মানুষদের নিয়ে যদি কেউ খারাপ কথা বলে, সেটা অনেক বেশি কষ্ট দেয়। সেই কষ্টটা কাটাতে সময় লাগবে।”
মমতার পরামর্শেই সিদ্ধান্ত বদল
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী Mamata Banerjee একটি অনুষ্ঠানে ইমনের পাশে দাঁড়িয়ে বলেন, তাঁকে অযথা ট্রোল করা হয়েছে। তাঁর মতে, একই অনুষ্ঠানে আরও বহু বিশিষ্ট ব্যক্তিত্বকে Banga Bibhushan সম্মান দেওয়া হয়েছিল, তবু কেন শুধু ইমনকে নিয়ে কটাক্ষ করা হলো তা তিনি বুঝতে পারছেন না।
মমতা বলেন, “ইমনকে খুব বাজে ভাবে ট্রোল করা হয়েছে। সেদিন ওঁর মায়ের মৃত্যুবার্ষিকী ছিল। তাহলে শুধু ওঁর সঙ্গেই এমন কেন করা হল? আনসোশ্যাল লোকেদের জন্য তুমি সোশ্যাল মিডিয়া কেন ছাড়বে?”
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরই ইমন জানান, তিনি দিদির কথা মেনে আবার সোশ্যাল মিডিয়ায় ফিরবেন।
কীভাবে শুরু হয়েছিল বিতর্ক
ঘটনার সূত্রপাত ২৬ ফেব্রুয়ারি। সেদিন নিজের মায়ের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন একটি পোস্ট করেছিলেন ইমন। সেই পোস্টের কমেন্টে এক ব্যক্তি কুরুচিকর মন্তব্য করেন। সেখানে লেখা হয়েছিল, “আপনার মাকে ডাকুন। আপনার মায়ের দেখা উচিত যে আপনি পাঁচালী গেয়ে, চটি চেটে বঙ্গবিভূষণ পেয়েছেন, এবার নোবেল পাবেন।”
এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ফেসবুক লাইভে এসে নিজের কষ্টের কথা জানান গায়িকা। এরপরই তিনি ঘোষণা করেছিলেন, তিনি আর ব্যক্তিগতভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন না। তাঁর টিমই কাজ সংক্রান্ত আপডেট শেয়ার করবে।
তবে এখন পরিস্থিতি বদলাচ্ছে। মুখ্যমন্ত্রীর কথাকে গুরুত্ব দিয়ে ইমন জানিয়েছেন, তিনি আবারও অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই যোগাযোগ রাখবেন।
অনুরাগীদের অনেকেই মনে করছেন, এই সিদ্ধান্তে গায়িকার ভক্তরাও আবার আগের মতোই তাঁকে কাছে পাবেন।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.