ত্বকের যত্নে এখন সবচেয়ে বেশি আলোচিত উপাদানগুলির মধ্যে অন্যতম নিয়াসিনামাইড। ভিটামিন বি৩-সমৃদ্ধ এই উপাদান ত্বকের উজ্জ্বলতা বাড়ানো, দাগছোপ কমানো, অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ এবং বয়সের ছাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তাই বাজারে নিয়াসিনামাইডযুক্ত সিরাম, ক্রিম ও নানা প্রসাধনীর চাহিদা দিন দিন বাড়ছে। তবে অনেকেই রাসায়নিকসমৃদ্ধ প্রসাধনী ব্যবহার করতে চান না। তাঁদের জন্য ঘরোয়া কিছু উপাদান হতে পারে প্রাকৃতিক বিকল্প।
বিশেষজ্ঞদের মতে, কিছু সাধারণ খাবার ও রান্নাঘরের উপাদানেই রয়েছে এমন পুষ্টিগুণ যা ত্বকে প্রাকৃতিক ভাবে নিয়াসিনামাইডের মতো উপকার দিতে পারে। নিয়মিত ব্যবহারে ত্বক হতে পারে আরও কোমল, পরিষ্কার ও প্রাণবন্ত।
চালের ফেসপ্যাকের জাপানি কৌশল
চাল বা ভাত ত্বকের পরিচর্যায় বহুদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে। সেদ্ধ চাল বা বেঁচে যাওয়া ভাত ভাল করে বেটে তার সঙ্গে মধু ও সামান্য গোলাপজল মিশিয়ে একটি প্যাক তৈরি করা যায়। এই মিশ্রণ মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেললে ত্বক মসৃণ হয় এবং স্বাভাবিক উজ্জ্বলতা বাড়তে পারে। চালে থাকা পুষ্টিগুণ ত্বকের কোষের পুনর্গঠনে সাহায্য করে বলেও মনে করা হয়।
মাশরুমের ডিটক্স মাস্ক
মাশরুমে রয়েছে ভিটামিন বি-জাতীয় উপাদান, যা ত্বকের জন্য উপকারী। শুকনো মাশরুম গুঁড়োর সঙ্গে গোলাপজল মিশিয়ে তৈরি করা প্যাক মুখ ও হাতে ব্যবহার করা যেতে পারে। এটি ত্বকের ক্লান্ত ভাব দূর করতে এবং কোষে পুষ্টি পৌঁছে দিতে সাহায্য করতে পারে। নিয়মিত ব্যবহারে ত্বক আরও সতেজ দেখাতে পারে।
ডিমের কুসুম ও লেবুর ফেসপ্যাক
ডিমের কুসুমে প্রাকৃতিক ভাবে ভিটামিন বি৩ থাকে। এর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ব্যবহার করলে তৈলাক্ত ত্বকের সমস্যা কিছুটা কমতে পারে। যাঁদের ব্রণ বা র্যাশের প্রবণতা রয়েছে, তাঁদের জন্য এই প্যাক উপকারী হতে পারে। গোলাপজল মিশিয়ে নিলে গন্ধও কমে যায় এবং ত্বক আরও সতেজ লাগে।
আলুর রস ও বেসনের ব্যবহার
ত্বকের কালচে দাগ কমাতে আলুর রস অনেকেই ব্যবহার করেন। আলুর রসের সঙ্গে বেসন মিশিয়ে তৈরি প্যাক ত্বক পরিষ্কার করতে সাহায্য করে। এটি এক ধরনের প্রাকৃতিক ক্লিনজার হিসেবেও কাজ করে। নিয়মিত ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা বাড়তে পারে।
ত্বকের যত্নে সব সময় দামি প্রসাধনীই শেষ কথা নয়। রান্নাঘরে থাকা সহজ উপাদান দিয়েও ত্বকের পরিচর্যা সম্ভব। তবে যাঁদের ত্বক অত্যন্ত সংবেদনশীল, তাঁদের নতুন কিছু ব্যবহারের আগে অল্প অংশে পরীক্ষা করে নেওয়াই ভাল।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.