শনিবার বাঙালির অন্যতম পারিবারিক উৎসব জামাইষষ্ঠী। এদিন বাংলার বহু পরিবারে জামাই আপ্যায়নের বিশেষ আয়োজন থাকে। আম, লিচু, নানা রকম মিষ্টি থেকে শুরু করে ইলিশ ও খাসির বিভিন্ন পদে ভরে ওঠে খাবারের টেবিল। তবে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর এবারের জামাইষষ্ঠী একেবারেই অন্যরকম।
বিয়ের পর এটি তনুশ্রী ও তাঁর স্বামী সুজিত বসুর প্রথম জামাইষষ্ঠী। বর্তমানে তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন। ফলে শাশুড়ির হাতের রান্না খেয়ে ঐতিহ্যবাহী জামাইষষ্ঠী উদযাপনের সুযোগ এবার নেই। কিন্তু দূরত্ব যে সম্পর্কের উষ্ণতাকে কমিয়ে দিতে পারে না, তা-ই যেন প্রমাণ করতে চলেছেন অভিনেত্রী।
তনুশ্রীর কথায়, প্রায় প্রতিদিনই তাঁর এবং সুজিতের সঙ্গে কলকাতায় থাকা বাবা-মায়ের ফোনে কথা হয়। সম্প্রতি তাঁর মা আক্ষেপ করে জানান, দুই মেয়েই বিদেশে থাকায় দুই জামাইকেই এ বছর নিজের হাতে খাওয়াতে পারছেন না। তাই মেয়ের ওপরই বিশেষ দায়িত্ব দিয়েছেন তিনি। মায়ের ইচ্ছা, তনুশ্রী যেন নিজের হাতে কিছু রান্না করে সুজিতকে খাওয়ান এবং সম্ভব হলে সেই সময় ভিডিও কলে তাঁকে যুক্ত করেন।
তবে ভারত ও আমেরিকার সময়ের পার্থক্য এই পরিকল্পনায় খানিকটা বাধা তৈরি করেছে। কারণ আমেরিকায় দুপুরের খাবারের সময় যখন, কলকাতায় তখন গভীর রাত। তা সত্ত্বেও বিশেষ দিনের জন্য কিছু পছন্দের খাবারের আয়োজন যে করা হচ্ছে, সে কথা জানিয়েছেন অভিনেত্রী।
সুজিতও বাঙালি খাবারের প্রতি বিশেষ অনুরাগী। তাই তিনিও এই বিশেষ দিনটি কিছুটা মিস করছেন। তবে তনুশ্রী আশা করছেন, আগামী বছর তাঁর বাবা-মা আমেরিকায় গেলে সামনাসামনি আরও জমকালোভাবে জামাইষষ্ঠী উদযাপন করা যাবে।
এই উপলক্ষে অভিনেত্রীর মনে ভিড় করে এসেছে শৈশবের অনেক স্মৃতিও। ছোটবেলায় মামার বাড়িতে জামাইষষ্ঠীর উৎসব দেখার অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি জানান, পরিবারের জামাইদের জন্য নানা রকম বড় মিষ্টি, আম, লিচু এবং অন্যান্য ফল সাজিয়ে পরিবেশন করা হতো। আর সেই আয়োজনের সবচেয়ে বেশি আনন্দ পেত বাড়ির ছোটরা, কারণ সেই বিশেষ খাবারের অনেকটাই ভাগ করে নেওয়ার সুযোগ মিলত তাদেরও।
পুরনো দিনের সেই স্মৃতি, পরিবারের প্রতি টান এবং ভালোবাসার আবেগ নিয়েই বিদেশের মাটিতে জীবনের প্রথম জামাইষষ্ঠী উদযাপন করতে চলেছেন তনুশ্রী। শারীরিক দূরত্ব থাকলেও, ভালোবাসা আর আন্তরিকতার কোনও ঘাটতি থাকছে না এই বিশেষ দিনে।
উল্লেখ্য, অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী গত বছরের ২৬ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টায় কর্মরত আইটি ইঞ্জিনিয়ার সুজিত বসুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.