মেট গালা অনুষ্ঠানে যোগ দিতে নিউইয়র্ক সফরে গিয়ে বিপাকে পড়েছে প্রযোজক রিয়া কপূরের টিম। প্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকা মূল্যের দু’জোড়া হিরের দুল নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় মুম্বই পুলিশের দ্বারস্থ হয়েছেন রিয়ার সংস্থার সদস্য ও রূপটানশিল্পী সভলীন সিংহ। ইতিমধ্যেই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে চুরির মামলা দায়ের করা হয়েছে।
জানা গিয়েছে, বিশ্বের অন্যতম আলোচিত ফ্যাশন অনুষ্ঠান মেট গালায় ব্যবহারের জন্য মুম্বইয়ের দুই নামী গয়না ব্যবসায়ীর কাছ থেকে মূল্যবান দুটি দুল ধার নেওয়া হয়েছিল। গয়নাগুলি অনুষ্ঠানে ব্যবহারের পর ফেরত দেওয়ার কথা ছিল। তবে নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরে দেখা যায়, দুলের দুটি বাক্সই আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
পুলিশ সূত্রে খবর, রিয়া কপূরের দীর্ঘদিনের সহযোগী সভলীন সিংহই ওই গয়নাগুলি নিজের ব্যাগে বহন করছিলেন। প্রতিটি দুলের জন্য আলাদা বাক্স ছিল। এর মধ্যে একটি ছিল ১৮ ক্যারেট সোনার তৈরি, পান্না ও হিরে খচিত একজোড়া দুল, যার আনুমানিক মূল্য প্রায় ৬৬ লক্ষ টাকা। অন্য বাক্সে ছিল জাম্বিয়ান পান্না বসানো সোনার বর্ডারযুক্ত আরও একটি দামী দুলের জোড়া, যার মূল্য প্রায় ৬৯ লক্ষ টাকা। সব মিলিয়ে নিখোঁজ গয়নার মূল্য দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকা।
রিয়া কপূর এবং তাঁর টিম ২৭ এপ্রিল রাতে মুম্বই থেকে এমিরেটসের একটি বিমানে যাত্রা শুরু করেন। দুবাইয়ে ট্রানজিটের পর তাঁরা ২৮ এপ্রিল স্থানীয় সময় সন্ধ্যার দিকে নিউইয়র্কে পৌঁছন। সফর শেষে মুম্বইয়ে ফিরে গয়নাগুলি নিখোঁজ হওয়ার বিষয়টি স্পষ্ট হলে সভলীন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানিয়েছে, ঠিক কোন পর্যায়ে গয়নাগুলি হারিয়েছে বা চুরি হয়েছে, তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। মুম্বই বিমানবন্দর, বিমানের ভিতর, দুবাইয়ের ট্রানজিট এলাকা কিংবা নিউইয়র্কে পৌঁছানোর পর— সমস্ত সম্ভাব্য পরিস্থিতিই খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং গয়নাগুলি উদ্ধারের জন্য একাধিক দিক থেকে অনুসন্ধান চালানো হচ্ছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.