হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা হর্ষদ চোপড়া সম্প্রতি একটি রিয়্যালিটি শো-তে উপস্থিত হয়ে নিজের ব্যক্তিগত জীবনের এমন এক অধ্যায়ের কথা প্রকাশ করেন, যা এতদিন তিনি সবার কাছ থেকে আড়ালেই রেখেছিলেন। ক্যামেরার সামনে তিনি জানান, জীবনের সবচেয়ে কঠিন আঘাত এসেছিল তখন, যখন তাঁর প্রেমিকা এবং সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু একসঙ্গে তাঁর বিশ্বাস ভেঙেছিলেন।
শো-এর সঞ্চালক ফরাহ খান ও রিতেশ দেশমুখ জানতে চান, বিপুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও কেন তিনি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব কম কথা বলেন। সেই প্রশ্নের উত্তরে আবেগপ্রবণ হয়ে হর্ষদ বলেন, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দু’জন মানুষকে একসঙ্গে হারানোর পর থেকেই তিনি মানুষকে সহজে বিশ্বাস করতে পারেন না।
অভিনেতার কথায়, তাঁর প্রাক্তন প্রেমিকা গোপনে তাঁরই এক প্রিয় বন্ধুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেই ঘটনার পর তিনি গভীর মানসিক আঘাত পান এবং ধীরে ধীরে নিজের ব্যক্তিগত জীবন সকলের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে শুরু করেন। দীর্ঘ ১৬ বছর ধরে এই অভিজ্ঞতা তিনি প্রকাশ্যে আনেননি।
পুরনো স্মৃতির কথা বলতে গিয়ে শো-তেই আবেগ ধরে রাখতে পারেননি হর্ষদ। তাঁর চোখে জল চলে আসে। উপস্থিত অন্য প্রতিযোগীরাও তাঁর অভিজ্ঞতার কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তাঁকে সান্ত্বনা দেন। অভিনেতা জানান, এই ঘটনাটি ২০১০ সালের।
বর্তমানে ৪৩ বছর বয়সী হর্ষদ চোপড়া ২০০৬ সালে ছোটপর্দায় অভিনয়জীবন শুরু করেন। প্রথম দিকে ‘মমতা’ ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজরে আসেন। পরে ‘লেফট রাইট লেফট’ সিরিয়াল তাঁকে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।
এরপর একের পর এক সফল ধারাবাহিকে অভিনয় করে তিনি টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন। ‘অম্বর ধারা’, ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’, ‘তেরে লিয়ে’, ‘ধরমপত্নী’, ‘হামসফর’, ‘বেপনাহ’, ‘ইয়ে রিশতা কেয়া কহলাতা হ্যায়’ এবং ‘বড়ে আচ্ছে লগতে হ্যায়’-সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও ‘কাহানি হামারে মহাভারত কি’-তে অর্জুনের চরিত্রেও অভিনয় করেছিলেন তিনি।
দীর্ঘদিন পর নিজের জীবনের এই অজানা অধ্যায় প্রকাশ করে হর্ষদ বুঝিয়ে দিয়েছেন, পর্দার হাসিমুখের আড়ালেও লুকিয়ে থাকতে পারে গভীর ব্যক্তিগত যন্ত্রণা। তাঁর এই স্বীকারোক্তি ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.