জন্মদিন এখনও আসতে বাকি প্রায় দু’সপ্তাহ। তার আগেই কেক, ফুল আর মনের মানুষকে পাশে নিয়ে সেলিব্রেশনে মেতে উঠলেন অভিনেত্রী তিয়াসা লেপচা(Tiyasha Lepcha)। ১৬ অগস্ট তাঁর জন্মদিন। তবে অগস্টের শুরুতেই যেন শুরু হয়ে গিয়েছে প্রি-বার্থডে সেলিব্রেশন। আর সেই উদযাপনে তিয়াসা(Tiyasha Lepcha)-র পাশে দেখা গেল প্রেমিক সোহেলকে।
ছোটপর্দার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা দীর্ঘদিন ধরেই টেলিভিশনের পর্দা থেকে অনেকটা দূরে। একসময় ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। তখন অবশ্য দর্শকের কাছে তাঁর পরিচয় ছিল তিয়াসা রায় নামে। ধারাবাহিকে সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বারবার খবরের শিরোনামে এসেছেন অভিনেত্রী।
ভেঙেছিল দাম্পত্য, ২০২২-এ চূড়ান্ত বিচ্ছেদ
অভিনেতা সুবান রায়ের সঙ্গে বিয়ের পরই তিয়াসার অভিনয় জগতে পথচলা শুরু। কিন্তু সময়ের সঙ্গে তাঁদের দাম্পত্যে তৈরি হয় দূরত্ব। একসময় সেই সম্পর্ক গড়ায় বিচ্ছেদের দিকে। দীর্ঘ টানাপড়েনের পর ২০২২ সালে আইনি বিচ্ছেদ চূড়ান্ত হয় দু’জনের।
স্বামীর হাত ধরেই অভিনয়ের দুনিয়ায় আসা তিয়াসাকে বিচ্ছেদের পর নানা কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল। তবে নিজের সিদ্ধান্ত নিয়ে বরাবরই স্পষ্ট ছিলেন অভিনেত্রী। তাঁর কথায়, একটি সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে দু’জনেরই সম্মতি ও চেষ্টা প্রয়োজন। নিজের জীবনে বারবার আপস করার পরই তিনি সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও জানিয়েছিলেন তিয়াসা।
অতীত ভুলে নতুন সম্পর্কে তিয়াসা
সুবান-তিয়াসার সম্পর্ক এখন অতীত। বর্তমানে তিয়াসার জীবনে রয়েছেন সোহেল। যদিও তাঁদের সম্পর্কের মাঝেও একসময় তৈরি হয়েছিল দূরত্ব। পরে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফের কাছাকাছি আসেন দু’জনে। গত বছরের গোড়া থেকেই তাঁদের সম্পর্ক নতুন করে আলোচনায় আসে।
এখন অবশ্য তিয়াসা ও সোহেলকে একসঙ্গে বেশ খোশমেজাজেই দেখা যাচ্ছে। অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে আগাম উদযাপনের মুহূর্তে সোহেলকে পাশে নিয়ে কেক কাটতে দেখা গিয়েছে তিয়াসাকে। মনের মানুষকে আগলে তাঁর এই সেলিব্রেশন মুডই ফের উসকে দিয়েছে নতুন জল্পনা।
তবে কি দ্বিতীয় বিয়ের পথে তিয়াসা?
তিয়াসা ও সোহেলের সম্পর্ক নিয়ে অনুরাগীদের আগ্রহ দীর্ঘদিনের। তাঁদের একসঙ্গে দেখা গেলেই স্বাভাবিকভাবেই উঠে আসে বিয়ের প্রশ্ন। তবে কবে তাঁরা বিয়ের পিঁড়িতে বসবেন, সেই বিষয়ে দু’জনেই এখনও প্রকাশ্যে কোনও নির্দিষ্ট কথা বলেননি।
তাই আগাম জন্মদিনের এই উদযাপন দেখে ফের প্রশ্ন উঠছে—তবে কি এবার অতীতকে পুরোপুরি পিছনে ফেলে জীবনের নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছেন তিয়াসা? নাকি শুধুই কাছের মানুষের সঙ্গে জন্মদিনের আগাম আনন্দ ভাগ করে নেওয়া? উত্তর অবশ্য সময়ই দেবে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.