কথায় আছে, পুরনো চাল ভাতে বাড়ে। জীবনের নানা ক্ষেত্রের মতো প্রেমেও এই প্রবাদ অনেক সময় অব্যর্থ। বহুদিন পর প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার হঠাৎ ফিরে আসা মানে আবেগের ঢেউ, পুরনো স্মৃতি আর চেনা অনুভূতির মিশেল। মনে হয়, “ওল্ড ইজ গোল্ড”—এই সম্পর্কটা বুঝি আগের থেকেও সুন্দর হবে। কিন্তু বাস্তবতা হল, যে মানুষটিকে একসময় জীবন থেকে সরিয়ে দিতে হয়েছিল, তার সঙ্গে ফের নতুন করে পথচলা মানেই আগের ভুলগুলিকে নতুন করে বিচার করা। তাই ঘনিষ্ঠ হওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা অত্যন্ত জরুরি।
প্রথমত, মানুষটা চেনা বলেই আগেভাগে নিজেকে উজাড় করে দেবেন না। বরং সাবধানে এগোন। সময়ের সঙ্গে মানুষের স্বভাব, মানসিকতা বদলায়—কিন্তু সেই পরিবর্তন সম্পর্কের পক্ষে ইতিবাচক কিনা, তা বোঝা প্রয়োজন।
দ্বিতীয়ত, আগের বিচ্ছেদের কারণ ভুলে গেলে চলবে না। আবেগের চাপে পুরনো সমস্যাগুলো এড়িয়ে গেলে ভবিষ্যতে আবার একই জায়গায় দাঁড়াতে হতে পারে। যদি আগের মতোই আচরণ বা পরিস্থিতির আভাস পান, তাহলে থেমে ভাবাই বুদ্ধিমানের কাজ।
তৃতীয়ত, প্রাক্তন ফিরে এসেছে মানেই প্রথম দিন থেকেই গভীর প্রেম নয়। আগে বন্ধুত্ব গড়ে তুলুন। মাঝখানের যে দূরত্ব তৈরি হয়েছিল, তা একদিনে ঘুচবে না। ধীরে ধীরে সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে নিরাপদ পথ।
চতুর্থত, “তোমাকে ছাড়া আমি কিছুই নই” বা “আমি ফিরে এসে তোমাকে ধন্য করেছি”—এই ধরনের ভাবনা প্রকাশ করা থেকে বিরত থাকুন। সম্পর্কের শুরুতেই কাউকে ‘টেকেন ফর গ্রান্টেড’ ভাবলে ভবিষ্যতে সমস্যা বাড়ে।
পঞ্চমত, যদি সত্যিই ভুল হয়ে থাকে, তাহলে অহং না রেখে ‘সরি’ বলতে শিখুন। তবে শুধু মুখের কথায় নয়, আচরণেও সেই অনুশোচনা যেন ধরা পড়ে। পাশাপাশি দেখুন, সামনের মানুষটিও কি মন খুলে নিজের অনুভূতি প্রকাশ করছে।
ষষ্ঠত, আগেরবার যেসব কারণে সম্পর্ক ভেঙেছিল, সেগুলো যেন আবার না হয়, সেদিকে খেয়াল রাখুন। প্রয়োজন হলে অ্যাডজাস্ট করুন। দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য এই মানসিক প্রস্তুতি খুবই দরকার।
সবশেষে, বারবার ব্রেকআপের কথা টেনে এনে নতুন সম্পর্ককে বিষিয়ে তুলবেন না। পুরনো অধ্যায় বন্ধ করে নতুন করে শুরু করুন। আর আপনার অনুপস্থিতিতে আপনার প্রাক্তনের জীবনে কে এসেছিল—এই কৌতূহলও একেবারে বাদ দিন।
সব মিলিয়ে, পুরনো প্রেম নতুন করে ফিরলে আবেগের সঙ্গে বুদ্ধির ভারসাম্য বজায় রাখাই সবচেয়ে জরুরি। তবেই সম্পর্ক হবে পরিণত, স্থায়ী এবং সত্যিকারের সুখের।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.