Nusrat Jahan: উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরে পুজো দিয়ে ফের একবার ধর্মীয় কটাক্ষের মুখে অভিনেত্রী নুসরত জাহান। মধ্যপ্রদেশের উজ্জয়ন সফরের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী ও তাঁর সঙ্গী যশ দাশগুপ্ত। সেই ছবিতেই নুসরত(Nusrat Jahan)-কে গোলাপি সালোয়ারে, সিঁথিতে সিঁদুর এবং কপালে মহাকালের টিকা লাগানো অবস্থায় দেখা যায়। ছবিগুলি প্রকাশ্যে আসতেই নেটপাড়ার একাংশ অভিনেত্রীর ধর্মীয় পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন।
নুসরত বরাবরই বিভিন্ন ধর্মের উৎসব ও আচার-অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায়। রথযাত্রা, দীপাবলি, দুর্গাপুজো থেকে শুরু করে বড়দিন—বিভিন্ন উৎসবেই তাঁর উপস্থিতি নজর কেড়েছে। এবার যশের সঙ্গে উজ্জয়নের মহাকালেশ্বর মন্দির এবং হরসিদ্ধি মাতা মন্দিরে গিয়ে পুজো দেন তাঁরা।
যশ দাশগুপ্ত সোশ্যাল মিডিয়ায় উজ্জয়ন সফরের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘হর হর মহাদেব’। সঙ্গে ছিল হাতজোড় করা ও লাল হৃদয়ের ইমোজি। একটি ছবিতে দেখা যায়, শিবের ছবি আঁকা দেওয়ালের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন যশ ও নুসরত।
এই পোস্টের কমেন্ট বক্সেই ধর্ম নিয়ে কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। এক নেটিজেন প্রশ্ন করেন, ‘একজন মুসলিম হয়ে এগুলো কী করে মাথায় লিখল?’ তবে সেই মন্তব্যের পাল্টা জবাব দেন নুসরতের এক অনুরাগী। তাঁর দাবি, ধর্মের ভিত্তিতে কাউকে বিচার না করে মানুষের বিশ্বাস ও পছন্দকে সম্মান করা উচিত। আরও এক নেটিজেন মন্তব্য করেন, এই ধরনের কটাক্ষ বন্ধ হওয়া প্রয়োজন।
এর আগেও মন্দিরে গিয়ে কটাক্ষের মুখে নুসরত
মন্দিরে গিয়ে ধর্মীয় রীতি পালন করার কারণে এর আগেও সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছেন নুসরত। ২০২১ সালের শুরুতে দক্ষিণেশ্বর মন্দিরে শাঁখা-পলা পরে পুজো দিতে দেখা গিয়েছিল তাঁকে। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন যশ দাশগুপ্ত এবং তৃণমূল নেতা মদন মিত্র। ২০২৪ সালের শেষের দিকেও যশের সঙ্গে অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি বালাজি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন নুসরত। ‘আড়ি’ ছবির শুটিং শুরুর আগে তাঁদের মন্দির দর্শনের ছবি প্রকাশ্যে এসেছিল।
ব্যক্তিগত জীবনেও একাধিকবার চর্চায় নুসরত-যশ
নুসরত জাহান (Nusrat Jahan)-এর ব্যক্তিগত জীবনও দীর্ঘদিন ধরে সংবাদমাধ্যমের চর্চায় রয়েছে। ২০২১ সালে নিখিল জৈনের সঙ্গে তাঁর বিয়ে নিয়ে আইনি বিতর্ক তৈরি হয় এবং সেই বিয়েকে অবৈধ বলে ঘোষণা করার বিষয়টি সামনে আসে। একই বছর নুসরতের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসে। সেই সময় সন্তানের পিতৃপরিচয় নিয়েও নানা প্রশ্ন উঠেছিল।
পরবর্তীতে সন্তানের জন্মের নথি প্রকাশ্যে আসার পর জানা যায়, যশ দাশগুপ্তই নুসরতের সন্তানের বাবা। নুসরতের সন্তান জন্মের সময়ও যশ তাঁর পাশে ছিলেন। যশের আগের সম্পর্কের একটি সন্তানও রয়েছে, যে বর্তমানে যশ ও নুসরতের সঙ্গেই থাকে বলে জানা যায়।
‘আড়ি’র পর নতুন কী?
যশ দাশগুপ্ত ও নুসরত জাহানের জুটির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘আড়ি’। ছবিতে তাঁদের সঙ্গে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ও। যশ-নুসরতের প্রযোজনায় এটি ছিল দ্বিতীয় ছবি। এর আগে তাঁদের প্রযোজিত ছবি ‘সেন্টিমেন্টাল’ মুক্তি পেয়েছিল। এছাড়াও ‘ও মন ভ্রমণ’ নামের একটি ছবির ঘোষণা হয়েছিল। তবে সেই ছবি নিয়ে পরবর্তীতে তেমন কোনও আপডেট সামনে আসেনি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.