স্টার জলসার পর্দায় গত দু’সপ্তাহ ধরে জমে উঠেছে ‘বিগ বস বাংলা’। ইতিমধ্যেই শো থেকে বিদায় নিয়েছেন অনিন্দ্য সেনগুপ্ত। এরপর প্রথম ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে ঘরে প্রবেশ করেছেন রাজবীর দে। এবার দ্বিতীয় ওয়াইল্ড কার্ড হিসেবে জীতু কমলের প্রবেশের অপেক্ষায় দর্শকরা। এরই মধ্যে শো-এর বিভিন্ন ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা।
‘বিগ বস বাংলা’-র প্রতিযোগীদের আচরণ থেকে শুরু করে সঞ্চালকের ভূমিকা—বিভিন্ন বিষয়েই নিজেদের মতামত প্রকাশ করছেন তারকারা। এবার সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা নিয়ে সরব হলেন অভিনেত্রী রূপালি ভট্টাচার্য। যদিও নিজের পোস্টে সরাসরি সৌরভের নাম উল্লেখ করেননি তিনি।
সোশ্যাল মিডিয়ায় রূপালি লেখেন, ‘বিগ বস বাংলার সঞ্চালক গতকাল বুঝিয়ে দিয়েছেন বিগ বসে থাকতে গেলে কতটা অভদ্র, অমানবিক এবং অসভ্য হতে হবে।’ তাঁর অভিযোগ, যারা মানবিক এবং সহানুভূতিশীল, তাঁদের অবজ্ঞা করা হয়েছে। অন্যদিকে, যে প্রতিযোগীর আচরণে গোটা পরিবেশ নষ্ট হয়েছে বলে তিনি মনে করেন, তাঁরই প্রশংসা করা হয়েছে।
রূপালির বক্তব্যে মূলত রাজবীরকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের প্রসঙ্গই উঠে এসেছে বলে মনে করছেন অনেকেই। তাঁর কথায়, বাঙালি পরনিন্দা-পরচর্চা করবে, অন্যকে নিয়ে হাসিঠাট্টা করবে, গান-বাজনা করবে—এটাই যদি বাঙালির পরিচয় হয়ে দাঁড়ায়, তাহলে সেটা বিগ বসের ঘর হোক কিংবা মরুভূমি, সর্বত্রই একই থাকবে।
এরপরই আরও তীব্র মন্তব্য করেন অভিনেত্রী। তিনি লেখেন, বাঙালিকে যদি নিজের শিক্ষা, রুচি এবং ডিগনিটি বিসর্জন দিয়ে সঞ্চালকের কথামতো রাজবীরের মতো কাউকে ‘গুরু’ মানতে হয়, তাহলে বিগ বসের ঘরের প্রত্যেক প্রতিযোগীর জন্যই তাঁর সমবেদনা রয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি ‘দাদার দরবার’-এ রাজবীরের প্রশংসা করতে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সেই সময়ই অভিনেতা ভরত কল আপত্তি জানান। তাঁর বক্তব্য ছিল, রাজবীরকে দেখে যদি সকলকে ব্যবহার শেখার কথা বলা হয়, তাহলে তিনি বিগ বসের ঘরে থাকতে চান না। ভরতের সেই মন্তব্যকে সমর্থন করেছেন বহু দর্শকও। রাজবীরের আচরণ নিয়ে এর আগেও একাধিকবার প্রশ্ন উঠেছে।
এখন রূপালি ভট্টাচার্যের এই পোস্টকে ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। সরাসরি কারও নাম না করলেও তাঁর বক্তব্য যে ‘বিগ বস বাংলা’-র সাম্প্রতিক ঘটনাপ্রবাহ এবং সঞ্চালকের মন্তব্যকে কেন্দ্র করেই, তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা চলছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.