আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। আগামী ১৬ অক্টোবর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রী অভিনীত ‘দেশু ৭’। ছবির মুক্তির আগে জোরকদমে চলছে প্রচার। ত্রিপুরা থেকে শ্রীরামপুর—বিভিন্ন জায়গায় তারকাদের ঘিরে তৈরি হচ্ছে উন্মাদনা। তবে শিলিগুড়ির প্রচারে তৈরি হল একেবারেই অন্যরকম আবেগঘন মুহূর্ত।
৪ অক্টোবর রবিবার ‘দেশু ৭’-এর প্রচারে শিলিগুড়িতে হাজির হয়েছিলেন দেব ও শুভশ্রী। সেখানেই ৮০ বছরের এক বৃদ্ধা ভক্ত মঞ্চে উঠে দেবকে জড়িয়ে ধরেন। শুধু তাই নয়, আদরের নাতির মতো দেবের মাথায় হাত বুলিয়ে গালে স্নেহের চুমুও এঁকে দেন তিনি। তাঁর কাছে দেব কোনও সুপারস্টার নন, বরং পরিবারের আপনজনের মতো।
বৃদ্ধা ভক্তকে মঞ্চে উঠতে সাহায্য করেন শুভশ্রী। অসুস্থ শরীর নিয়েও শুধুমাত্র দেবকে দেখতেই তিনি অনুষ্ঠানে এসেছেন বলে জানান। দেবের জন্য সঙ্গে করে একটি বিশেষ ফটোফ্রেমও নিয়ে এসেছিলেন তিনি। এরপর দেবও ওই বৃদ্ধার পা ছুঁয়ে প্রণাম করেন। তারকা ও অনুরাগীর এই আন্তরিক মুহূর্তে আবেগপ্রবণ হয়ে ওঠে গোটা পরিবেশ। মুহূর্তটির ভিডিও ইতিমধ্যেই নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভক্তের প্রতি দেবের এই সম্মান ও ভালোবাসা অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছে।
তবে শুধু এই আবেগঘন সাক্ষাৎ নয়, শিলিগুড়ির মঞ্চে ‘দেশু’ জুটিকে ঘিরে ফিরে এল আরও এক টুকরো পুরনো দিনের স্মৃতি। সেখানেই ‘দেশু ৭’-এর নতুন গান ‘আমার সবকিছুতেই’ উদ্বোধন করা হয়। গানে জিৎ গঙ্গোপাধ্যায়ের কণ্ঠ ফেরায় দেব-শুভশ্রী জুটির পুরনো দিনের নস্ট্যালজিয়া।
একসময় দেব ও শুভশ্রীর একাধিক জনপ্রিয় গানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন জিৎ গঙ্গোপাধ্যায়। ‘ঘুম ঘুম এই চোখে’, ‘মন তোকে দিলাম’, ‘স্বপ্ন নীল’, ‘মালা রে’-এর মতো গান এখনও দর্শকের স্মৃতিতে উজ্জ্বল। ফলে নতুন গান প্রকাশের মাধ্যমে সেই পুরনো আবেগ যেন ফের একবার ফিরে এল।
শিলিগুড়ির মঞ্চ থেকেই জিৎ গঙ্গোপাধ্যায়কে ফোন করেন দেব। দর্শকদের প্রতিক্রিয়াও তাঁকে শুনিয়ে দেন অভিনেতা। সব মিলিয়ে ‘দেশু ৭’-এর প্রচারে শিলিগুড়ির অনুষ্ঠান হয়ে উঠল আবেগ, নস্ট্যালজিয়া এবং তারকা-ভক্তের ভালোবাসার এক বিশেষ মুহূর্ত।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.