বলিউডের প্রয়াত অভিনেত্রী নিম্মির সম্পত্তি ঘিরে নতুন করে আইনি বিতর্ক। অভিনেত্রীর ব্যাঙ্কে জমা থাকা ১.৭৭ কোটি টাকা, মুম্বইয়ের দু’টি ফ্ল্যাট এবং একটি গাড়ি আত্মসাতের অভিযোগ উঠেছে তাঁরই পরিচর্যাকারী আসরার ইকবাল শেখের বিরুদ্ধে। এই ঘটনায় সান্তাক্রুজ় থানায় এফআইআর দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
১৯৫০ ও ১৯৬০-এর দশকের গোড়ার দিকে হিন্দি সিনেমার পরিচিত মুখ ছিলেন অভিনেত্রী নিম্মি। ২০২০ সালে তাঁর মৃত্যু হয়। অভিনেত্রীর মৃত্যুর কয়েক বছর পর তাঁর সম্পত্তি নিয়ে এমন অভিযোগ সামনে আসায় নতুন করে চর্চা শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিম্মির প্রপৌত্র মহম্মদ দুরানির অভিযোগের ভিত্তিতে আসরার ইকবাল শেখের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দুরানির দাবি, অভিনেত্রীর উইল কার্যকর করার বিষয়টি এখনও বম্বে হাই কোর্টে বিচারাধীন। সেই উইল অনুযায়ী, নিম্মির ব্যাঙ্কে জমা থাকা ১.৭৭ কোটি টাকা এবং মুম্বইয়ের জুহু তারা রোডে অবস্থিত দু’টি ফ্ল্যাট তাঁর বোন শবানা বানোর ছেলে আলি সৈয়দ পারভেজ়কে দেওয়ার কথা ছিল। পারভেজ়কে নিজের সন্তানের মতোই স্নেহ করতেন অভিনেত্রী।
অভিযোগ অনুযায়ী, ২০০৭ সালে স্বামীর মৃত্যুর পর নিম্মি আসরারের সঙ্গে একটি যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন। পাশাপাশি নিজের আর্থিক লেনদেনের দায়িত্বও তাঁর হাতে তুলে দেন। সেই সুযোগেই অভিনেত্রীর সম্পত্তি নিয়ে অনিয়ম হয়েছে বলে অভিযোগ দুরানির।
জানা গিয়েছে, ব্রিটেনে বসবাসকারী আলি সৈয়দ পারভেজ়ের মৃত্যু হয় ২০২০ সালের ডিসেম্বর মাসে। এরপর তাঁর স্ত্রী সলমা পারভিনকে আসরারের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি জানান দুরানি। সলমা তাঁকে পাওয়ার অফ অ্যাটর্নি দেন। ভারতে নিয়মিত আসা সম্ভব নয় বলে সম্পত্তি সংক্রান্ত আইনি পদক্ষেপের দায়িত্বও দুরানির হাতে তুলে দেন তিনি।
দুরানির আরও অভিযোগ, পুলিশের কাছে অভিযোগ জানানোর পর আসরার তাঁর সঙ্গে যোগাযোগ করেন। এমনকি অভিনেত্রীর দু’টি ফ্ল্যাট বিক্রি করে পাওয়া অর্থ নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেওয়ার প্রস্তাবও দেন বলে দাবি। শুধু তাই নয়, নিম্মির মারুতি সুজ়ুকি সিয়াজ় গাড়িটি বিক্রি করে সেই অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
এই অভিযোগের ভিত্তিতে গত ১১ নভেম্বর আসরারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা-সহ অন্যান্য প্রাসঙ্গিক ধারায় এফআইআর দায়ের করে সান্তাক্রুজ় পুলিশ। উল্লেখ্য, অভিযোগে উল্লিখিত ঘটনাগুলি ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হওয়ার আগের হওয়ায় ভারতীয় দণ্ডবিধির ধারাতেই মামলা দায়ের করা হয়েছে।

তবে অভিনেত্রীর সম্পত্তি আত্মসাতের এই অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। পুলিশি তদন্তের পরই গোটা বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসবে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.