বর্ষার দিনে চায়ের কাপের সঙ্গে মুখরোচক কিছু খেতে ইচ্ছে হওয়াটা খুবই স্বাভাবিক। অনেকেই এমন সময়ে রেস্তরাঁ থেকে মালাই সোয়া চাপ অর্ডার করেন। তবে বাইরে থেকে খাবার আনলে খরচ যেমন বেশি হয়, তেমনই পরিচ্ছন্নতা নিয়েও অনেকের মনে প্রশ্ন থাকে। তাই চাইলে খুব সহজেই এই জনপ্রিয় পদটি ঘরেই তৈরি করা যায়। আর রান্নাঘরে যদি এয়ার ফ্রায়ার থাকে, তাহলে কম তেল ব্যবহার করেই মিলবে রেস্তরাঁ-স্টাইল স্বাদ।
সোয়া চাপের জন্য কী লাগবে?
প্রথমেই প্রয়োজন ৬ থেকে ৮টি সোয়া চাপ। বাজারে রেডিমেড সোয়া চাপ পাওয়া যায়, তাই চাইলে সেটিই ব্যবহার করতে পারেন। আবার ঘরেও বানানো সম্ভব। সেক্ষেত্রে সোয়াবিন দীর্ঘ সময় জলে ভিজিয়ে নরম করে ব্লেন্ডারে মিহি পেস্ট বানাতে হবে। সেই মিশ্রণ আইসক্রিমের কাঠির চারপাশে লম্বা আকারে গড়ে ফুটন্ত জলে সেদ্ধ করলে শক্ত সোয়া চাপ তৈরি হয়ে যাবে। ঠান্ডা হলে কাঠি বের করে প্রয়োজনমতো টুকরো করে ব্যবহার করা যাবে।

ম্যারিনেড তৈরির উপকরণ
*আধা কাপ জল ঝরানো টক দই
*৩ টেবিলচামচ ফ্রেশ ক্রিম
*২ টেবিলচামচ কাজুবাদাম বাটা
*১ টেবিলচামচ আদা-রসুন বাটা
*১ চা-চামচ গোলমরিচ গুঁড়ো
*আধা চা-চামচ গরম মশলা
*১ চা-চামচ চাট মশলা
*১ চা-চামচ গুঁড়ো করা কাসুরি মেথি
*১ টেবিলচামচ লেবুর রস
*স্বাদমতো লবণ
*১ টেবিলচামচ মাখন
ম্যারিনেড করার নিয়ম
একটি বড় পাত্রে টক দই, ফ্রেশ ক্রিম, কাজুবাটা, আদা-রসুন বাটা, গোলমরিচ, গরম মশলা, চাট মশলা, কাসুরি মেথি, লেবুর রস এবং লবণ ভালোভাবে মিশিয়ে মসৃণ ম্যারিনেড তৈরি করুন। এরপর প্রতিটি সোয়া চাপে সমানভাবে সেই মিশ্রণ মাখিয়ে অন্তত এক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। আরও গভীর স্বাদের জন্য তিন থেকে চার ঘণ্টা বা সারা রাত ম্যারিনেড করে রাখা যেতে পারে।
এয়ার ফ্রায়ারে রান্নার পদ্ধতি
এয়ার ফ্রায়ার ১৮০ ডিগ্রি সেলসিয়াসে আগে থেকেই গরম করে নিন। বাস্কেটে অল্প তেল স্প্রে করে ম্যারিনেড করা সোয়া চাপগুলো এক স্তরে সাজিয়ে রাখুন। একসঙ্গে খুব বেশি না রাখাই ভালো, এতে সমানভাবে রান্না হবে।
প্রায় ১০ থেকে ১২ মিনিট রান্না করুন। মাঝপথে, অর্থাৎ ৫-৬ মিনিট পরে চাপগুলো উল্টে দিয়ে অপর পাশে সামান্য মাখন ব্রাশ করুন। বাইরের অংশে হালকা সোনালি-বাদামি রং এলে বুঝবেন রান্না সম্পূর্ণ হয়েছে।
পরিবেশনের পরামর্শ
গরম গরম মালাই সোয়া চাপ পরিবেশন করুন পুদিনা-ধনেপাতার চাটনি, লাচ্ছা পিঁয়াজ এবং লেবুর টুকরোর সঙ্গে। উপর থেকে সামান্য চাট মশলা ও কুচোনো ধনেপাতা ছড়িয়ে দিলে স্বাদ ও পরিবেশন—দু’টিই আরও আকর্ষণীয় হয়ে উঠবে। বর্ষার সন্ধ্যায় পরিবারের সঙ্গে বা অতিথি আপ্যায়নে এই পদ সহজেই হয়ে উঠতে পারে অন্যতম আকর্ষণ।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.