দীর্ঘ ১৪ বছর ধরে একে অপরের সুখ দুঃখের সঙ্গী তারা। দু’জনের পেশা একই। তাদের অনুরাগীরা তাদের চার হাত এক হওয়ার অপেক্ষা করলেও তা কখনও ভেবে দেখেননি এই তারকা জুটি। তারা হলেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। দীর্ঘ ১৪ বছর ধরে তারা সম্পর্কে আবদ্ধ রয়েছেন। কোনোরকম লুকোচুরি নয়, বরং প্রকাশ্যে তাদের ভালোবাসার কথা জানাতেও ভোলেন না তারা৷
কিন্তু এদিন সকালে চমক দিলেন ঐন্দ্রিলা। নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করলেন একটি ভিডিও। আর সেই ভিডিও প্রকাশ্যে আসার পর তারকা জুটির বিয়ের গল্প আরও জোড়ালো হয়েছে। তবে কি এবার বর ও কনে রূপে দেখা যাবে অঙ্কুশ ও ঐন্দ্রিলাকে? কারণ জোরকদমে চলছে কেনাকাটা।
আর তারই একটি ঝলক নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করলেন ঐন্দ্রিলা। শোনা যাচ্ছে, বছর শুরুর দিকে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার পোস্ট করা ভিডিও এই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।
ভিডিও পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা। হ্যাঁ, জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পথ। সবথেকে লম্বা পথ।” অর্থাৎ এই ‘লম্বা পথ’ মানে ‘বিয়ে’ কিনা তা নিয়ে জল্পনা আরও বেড়ে গিয়েছে। আর এতেই অনুরাগীদের প্রশ্ন, “তাহলে কি উৎসবের আবহেই বিয়েটা সারতে চলেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা?’
পোস্ট করা ভিডিওতে দেখা গিয়েছে, দুই তারকা একে অপরের জন্য কেনাকাটা করছেন। পোশাকশিল্পী অভিষেক রায়ের বুটিকে শপিং করতে গিয়েছেন তারকা জুটি। বিয়ের সমস্ত পেশাকের দায়িত্ব সম্ভবত অভিষেকের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। যদিও এই প্রসঙ্গে কিছুই বলেননি তারকা জুটি।
ভিডিওতে দেখা গিয়েছে, কখনও ঐন্দ্রিলা পোশাক কিংবা গয়না পছন্দ করছেন, আবার অঙ্কুশ পছন্দ করছেন পাঞ্জাবি কিংবা শেরওয়ানি। তবে তাদের তরফ থেকে নতুন সংবাদ শোনার জন্য অপেক্ষায় রয়েছেন তারকা জুটির অনুরাগীরা৷ কবে বিয়ে সে বিষয়ে কিছু না জানা গেলেও, নতুন করে তাদের বিয়ের জল্পনা বেড়ে গেলো অভিনেত্রীর ভিডিটি পোস্ট করার পর।

Hello, I am BB. I have been working in blogging for more than four years.