ভাইফোঁটা মানেই ভাই-বোনের ভালোবাসা, আবেগ আর পারিবারিক মিলনমেলা। এই বিশেষ দিনে ভাই বা দাদার দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বোনেরা কপালে ফোঁটা দিয়ে তাঁদের আশীর্বাদ করেন। সাধারণ মানুষের পাশাপাশি এই উৎসবে মেতে ওঠেন টলিউডের তারকারাও। প্রতিবছরের মতো ২০২৬ সালেও ভাইফোঁটা উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তবে এবারের উৎসবে তাঁকে কি দেখা যাবে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বাড়িতে? এই প্রশ্ন ঘিরেই তৈরি হয়েছে কৌতূহল।
সম্প্রতি নিজের ভাইফোঁটার পরিকল্পনা নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। অপরাজিতা জানিয়েছেন, গত দু’বছর ধরে তাঁর দাদার বিয়ের পর থেকে হাওড়ার বাড়িতেই ভাইফোঁটার আয়োজন করা হয়। সেখানেই নিজের দাদা, জ্যেঠতুতো দাদা এবং আরও এক ভাইকে ফোঁটা দেন তিনি। বাড়ির যাবতীয় আয়োজন, খাওয়াদাওয়া থেকে শুরু করে অন্যান্য দায়িত্ব সামলান তাঁর বৌদি। অপরাজিতার দায়িত্ব বলতে ভাইদের জন্য মিষ্টি নিয়ে যাওয়া।
অভিনেত্রীর সঙ্গে তাঁর দাদার বয়সের ব্যবধান প্রায় সাড়ে চার বছর। দাদার কাছে কোনও বিশেষ আবদার রয়েছে কি না, সেই প্রশ্নের উত্তরে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি। অপরাজিতা জানান, তাঁর দাদা শারীরিক ও মানসিকভাবে কিছুটা দুর্বল। তাই দাদার কাছে বিশেষ কিছু চাওয়ার বা আবদার করার সুযোগ নেই। তবে বৌদি সব সময় চেষ্টা করেন তাঁকে ভালো রাখার এবং তাঁর পছন্দ অনুযায়ী সবকিছু করার। এ বছর দাদাকে কী উপহার দেবেন, তা এখনও ঠিক করে উঠতে পারেননি অভিনেত্রী। তবে পরিবারের অন্য ভাইদের জন্য ইতিমধ্যেই চাদর কিনে ফেলেছেন। ভাইফোঁটার দিন তাঁর সাজেও থাকবে বাঙালিয়ানার ছোঁয়া। শাড়ি ও হালকা গয়নাতেই নিজেকে সাজিয়ে তুলবেন তিনি।
তবে অপরাজিতার ভাইফোঁটা নিয়ে আলোচনার পাশাপাশি উঠে এসেছে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের বাড়ির প্রসঙ্গও। অতীতে অরূপ বিশ্বাসের ভাইফোঁটার অনুষ্ঠানে টলিউডের বহু অভিনেত্রীকে উপস্থিত থাকতে দেখা যেত। সেই তালিকায় ছিলেন অপরাজিতা আঢ্যও। ফলে এ বছরও কি সেই অনুষ্ঠানে যোগ দেবেন অভিনেত্রী? এই প্রশ্নের উত্তরে অপরাজিতা জানিয়েছেন, এখনও পর্যন্ত তাঁর কাছে কোনও আমন্ত্রণ আসেনি। অভিনেত্রীর কথায়, আগে প্রতিবছরই ফোন করে নিমন্ত্রণ জানানো হত। যদিও তিনি নিজে মাত্র দু’বার ওই অনুষ্ঠানে গিয়েছেন। গত বছরও একাধিকবার অনুরোধ করার পর সেখানে উপস্থিত হয়েছিলেন। কিন্তু এ বছর পরিস্থিতি আলাদা। তাঁর কথায়, “এ বার কি ভাইফোঁটা হচ্ছে? আমার কাছে কোনও ফোন আসেনি। প্রত্যেক বার ফোন আসে। আমি যদিও দু’বারই গিয়েছি শুধু। গত বছর অনেক বার বলেছিল বলে গিয়েছিলাম। এ বার তো দিন পাল্টেছে।”
শুধু অরূপ বিশ্বাসের বাড়ি থেকেই নয়, রাজ্যের নতুন সরকারের ঘনিষ্ঠ কোনও মহলের কাছ থেকেও এখনও পর্যন্ত ভাইফোঁটার কোনও নিমন্ত্রণ পাননি বলে জানিয়েছেন অভিনেত্রী।

সব মিলিয়ে নিজের পরিবারের সঙ্গেই এ বছর ভাইফোঁটা কাটানোর প্রস্তুতি নিচ্ছেন অপরাজিতা আঢ্য। তবে শেষ মুহূর্তে কোনও বিশেষ আমন্ত্রণ আসে কি না, এখন সেটাই দেখার।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.