‘বিগ বস’ মানেই বিতর্ক, ঝগড়া, কূটকচালি আর তারকা প্রতিযোগীদের নানা মুহূর্ত। এই জনপ্রিয় রিয়্যালিটি শো থেকে সাধারণত দূরেই থাকেন গায়ক অরিজিৎ সিং। কিন্তু এবার বদলেছে সেই ছবি। প্রথমবার ‘বিগ বস’-এর হিন্দি সংস্করণ দেখতে টিভির সামনে বসবেন অরিজিৎ। আর এর নেপথ্যে রয়েছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু তথা ‘বিগ বস ২০’-এর প্রতিযোগী কাজী তৌকির।
গত ৬ সেপ্টেম্বর রবিবার রাতে সলমন খানের সঞ্চালনায় শুরু হয়েছে ‘বিগ বস’-এর কুড়িতম মরশুম। গ্র্যান্ড প্রিমিয়ারে ২০ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছে এবারের যাত্রা। প্রথম সপ্তাহ থেকেই প্রতিযোগীদের মধ্যে ঝামেলা, মতবিরোধ এবং নানা বিতর্ক নিয়ে সরগরম শো। এরই মাঝে শো নিয়ে অরিজিৎ সিংয়ের একটি পোস্ট নজর কেড়েছে নেটপাড়ার।
নিজের এক্স হ্যান্ডেলে অরিজিৎ লিখেছেন, ‘প্রথমবার বিগ বস দেখতে হবে, কারণ আমাদের রকস্টার কাজী রয়েছে সেখানে।’ বন্ধুকে ‘আমাদের রকস্টার’ বলে সমর্থন জানিয়েছেন গায়ক। স্বাভাবিকভাবেই অরিজিতের এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে।
আসলে অরিজিৎ ও কাজী তৌকিরের বন্ধুত্ব প্রায় দুই দশকের। ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’-এর মঞ্চে প্রথম আলাপ হয়েছিল তাঁদের। দু’জনের জন্মস্থান ও কেরিয়ার আলাদা হলেও সময়ের সঙ্গে তাঁদের বন্ধুত্ব আরও গভীর হয়েছে। একজন কাশ্মীরের ভূমিপুত্র, অন্যজন বাংলার জিয়াগঞ্জের ছেলে—তবে সঙ্গীতের সূত্রে তৈরি হওয়া সেই বন্ধুত্ব আজও অটুট।

চলতি বছরেই অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে এসেছিলেন কাজী তৌকির। সেই সময় দুই বন্ধুকে স্কুটিতে করে জিয়াগঞ্জ শহর ঘুরতেও দেখা যায়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন তাঁরা। ‘ফেম গুরুকুল’-এর পুরনো দিনের স্মৃতি মনে করে সেই সফরের বেশ কিছু ঝলক সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন কাজী।
এবার সেই পুরনো বন্ধুত্বের টানেই ‘বিগ বস ২০’-এ নজর রাখবেন অরিজিৎ সিং। বিশেষ করে কাজী তৌকিরকে সমর্থন করতেই যে তিনি শোটি দেখতে চলেছেন, তা তাঁর পোস্ট থেকেই স্পষ্ট।
অরিজিৎ ও সলমন খানের পুরনো মান-অভিমানের কথাও কমবেশি সকলেরই জানা। যদিও সেই তিক্ততা অনেক আগেই মিটে গিয়েছে। এবার সলমন সঞ্চালিত ‘বিগ বস’-এর প্রথম দর্শক হিসেবে অরিজিতের নাম উঠে আসায় বিষয়টি নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.