রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে নতুন বিতর্ক ঘিরে চর্চার কেন্দ্রে উঠে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইল। শুভেন্দু অধিকারী বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরও কয়েক ঘণ্টা পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রীর ফেসবুক বায়োতে ‘Chief Minister’ পরিচয় বহাল থাকায় সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তীব্র আলোচনা। সেই প্রসঙ্গেই কটাক্ষ ছুড়ে দেন রাজনৈতিক পর্যবেক্ষক ও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় অরিত্র দত্ত বণিক।
পঁচিশে বৈশাখের সকালে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলায় শপথবাক্য পাঠ করে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন শুভেন্দু অধিকারী। শপথ অনুষ্ঠানের পর থেকেই রাজনৈতিক মহলে নতুন প্রশাসনিক অধ্যায়ের আলোচনা শুরু হয়। তবে সেই আবহেই নজরে আসে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি ফেসবুক পেজের বায়োতে এখনও ‘মুখ্যমন্ত্রী’ পদবী লেখা রয়েছে।
ঘটনাটি ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয় নানা প্রতিক্রিয়া। অনেকেই প্রশ্ন তোলেন, সরকার পরিবর্তনের পরও কেন প্রোফাইলের তথ্য আপডেট করা হয়নি। এই ইস্যুতেই অরিত্র দত্ত বণিক ফেসবুকে ব্যঙ্গাত্মক পোস্ট করে লেখেন, পেজ ম্যানেজার হয়তো ছুটিতে রয়েছেন বলেই এখনও পুরনো পরিচয় সরানো হয়নি। পাশাপাশি তিনি কৌতুকের সুরে মন্তব্য করেন, শুধু ফেসবুকে পদবী লিখে দিলেই যদি পদ ধরে রাখা যায়, তাহলে যে কেউ নিজের প্রোফাইলে বড় সরকারি পদ দাবি করতে পারেন।
উল্লেখযোগ্য বিষয় হল, পূর্বতন সরকারের মেয়াদ আনুষ্ঠানিক ভাবে শেষ হয় ৭ মে। এরপর রাজ্যপাল আরএন রবি সপ্তদশ বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেন। অর্থাৎ প্রশাসনিক ভাবে আগের সরকারের অধ্যায় শেষ হয়ে যায়। সেই কারণেই ফেসবুক বায়োতে পুরনো পরিচয় থেকে যাওয়াকে ঘিরে বিরোধী শিবির আরও সরব হয়।
যদিও বিতর্কের মধ্যেই পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজে পরিবর্তন আনা হয়। শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পর শনিবারই তাঁর বায়ো আপডেট করা হয়েছে বলে জানা যায়। তবে এর মধ্যেই বিষয়টি রাজনৈতিক তরজার নতুন খোরাক হয়ে ওঠে নেটদুনিয়ায়।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.