Bigg Boss Bangla: বিগ বস বাংলার ঘরে ক্রমশ বাড়ছে উত্তেজনার পারদ। একের পর এক নতুন মোড়ে জমে উঠেছে চলতি সিজনের খেলা। নিয়মভঙ্গের অভিযোগে ইতিমধ্যেই গোটা বাড়ির প্রতিযোগীদের শাস্তির মুখে পড়তে হয়েছে। তার মধ্যেই দ্বিতীয় ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে ঘরে প্রবেশ করেছেন অভিনেতা জীতু কামাল। আর প্রবেশের পরই বিশেষ ক্ষমতা পেয়ে খেলার সমীকরণে বড়সড় পরিবর্তন এনে দিয়েছেন তিনি।
উইকেন্ডের পর্বে প্রতিযোগীদের আচরণে রীতিমতো ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় বিগ বসকে। মাইক না পরা, ফিসফিস করে কথা বলা, রান্নাঘর ও বাথরুম অপরিষ্কার রাখা থেকে শুরু করে নিয়মিত হিন্দি ও ইংরেজিতে কথা বলা—একাধিক নিয়মভঙ্গের অভিযোগ ওঠে প্রতিযোগীদের বিরুদ্ধে। এর জেরেই ক্যাপ্টেন সোহিনী পাল এবং নতুন সদস্য জীতু কামালকে বাদ দিয়ে বাড়ির বাকি সকল প্রতিযোগীকে নমিনেট করে দেন বিগ বস।
এরপরই জীতুর হাতে আসে বিশেষ ক্ষমতা। নমিনেটেড সদস্যদের মধ্যে থেকে যে কোনও একজনকে নমিনেশনের হাত থেকে বাঁচাতে পারবেন তিনি। স্বাভাবিকভাবেই শুরু হয় জল্পনা—কাকে বাঁচাবেন জীতু? অনেকেই মনে করেছিলেন, মনামী ঘোষ কিংবা ভরত কলের মতো কোনও প্রতিযোগীকে হয়তো তিনি বেছে নেবেন। কিন্তু সবাইকে চমকে দিয়ে রাজবীর দে-কে নমিনেশন থেকে বাঁচিয়ে দেন জীতু।
কেন রাজবীরকে বাঁচালেন, তার ব্যাখ্যাও দেন অভিনেতা। জীতুর কথায়, রাজবীর অনেক ভুল করে। মেয়েদের সঙ্গে খারাপভাবে কথা বলা কিংবা জামা ছুড়ে ফেলার মতো আচরণও তাঁর নজরে এসেছে। কিন্তু বিগ বস যখন তাঁকে একজনকে সুযোগ দেওয়ার ক্ষমতা দিয়েছেন, তখন সেই সুযোগ রাজবীরকেই দিতে চান তিনি। সবচেয়ে মজার বিষয়, বিগ বসের ঘরে প্রবেশের প্রথম দিনেই রাজবীরের সঙ্গে জীতুর তুমুল ঝামেলা হয়েছিল। রাজবীরের হাত ধরে টানাটানির ঘটনায় মেজাজ হারিয়ে ফেলেছিলেন জীতু। তাঁকে বলতে শোনা যায়, “তুমি অতিরিক্ত রিঅ্যাক্ট করো।” অন্যদিকে নন্দিনী দত্তও জীতুর সমালোচনা করে প্রশ্ন তোলেন, মাত্র একটি এপিসোড দেখেই কীভাবে তিনি রাজবীরের স্বভাব বুঝে গেলেন?
চুপচাপ আমার রিলস দেখো আর কাঁদো’, রাখি সাওয়ান্তকে কড়া বার্তা কঙ্গনার!
তবে সেই তিক্ততার পরেই রাজবীরকে নমিনেশন থেকে বাঁচিয়ে রীতিমতো চমক দিয়েছেন জীতু। তাঁর সিদ্ধান্ত থেকেই স্পষ্ট, ব্যক্তিগত মনোমালিন্যকে সরিয়ে রেখে খেলায় নিজের মতো করে সিদ্ধান্ত নিতে চাইছেন তিনি। এরপর আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় বিগ বস। প্রতিযোগীদের দু’জন করে গ্রুপে ভাগ করে দেওয়া হয়। জীতুর তত্ত্বাবধানে প্রত্যেক জোড়াকে নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিতে বলা হয়—দু’জনের মধ্যে কে নমিনেশনে থাকবেন এবং কে নিরাপদ থাকবেন।
শেষ পর্যন্ত চলতি সপ্তাহের নমিনেশন তালিকায় জায়গা করে নিয়েছেন সায়ক চক্রবর্তী, দীপেন্দু বিশ্বাস, মনামী ঘোষ, দুর্নিবার সাহা এবং নিরঞ্জন মণ্ডল। এবার দর্শকদের নজর এই পাঁচ প্রতিযোগীর দিকেই। আগামী পর্বে এই নমিনেশন ঘিরে আরও কী নতুন সমীকরণ তৈরি হয় এবং শেষ পর্যন্ত কে নিরাপদ থাকেন, সেটাই এখন দেখার।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.