‘বিগ বস বাংলা’র ঘরে প্রতিযোগীদের সমীকরণে প্রতিনিয়ত বদল আসছে। কখনও বন্ধুত্ব, কখনও মনোমালিন্য, আবার কখনও একে অপরের বিরুদ্ধে কৌশলী চাল—সব মিলিয়ে জমে উঠেছে রিয়েলিটি শোয়ের লড়াই। এরই মধ্যে সোমবারের পর্বে অভিনেতা জীতু কামাল ও অভিনেত্রী সৃজলা গুহর কথোপকথন ঘিরে শুরু হয়েছে নতুন চর্চা। ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে আড্ডা দিতে গিয়ে সৃজলাকে ‘আর জল মিশিও না’ বলে মন্তব্য করেন জীতু। তাঁর এই কথার পিছনে ঠিক কী ইঙ্গিত ছিল, তা নিয়ে দর্শকদের একাংশের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
সম্প্রচারিত পর্বে দেখা যায়, বিগ বসের বাড়ির গার্ডেন এরিয়ায় আধশোয়া হয়ে একান্তে গল্প করছেন জীতু ও সৃজলা। নিজের কলেজ জীবনের নানা অভিজ্ঞতার কথা বলছিলেন অভিনেতা। সেই প্রসঙ্গেই নিজের কথা বলতে শুরু করেন সৃজলা। তখনই তাঁকে উদ্দেশ্য করে জীতু বলেন, ‘‘সৃ-জলা, আর জল মিশিও না। আর জল মিশিও না।’’
জীতুর এমন মন্তব্যে কিছুটা হতভম্ব হয়ে যান সৃজলা। জবাবে তিনি জানান, তাঁর জীবনে কিছু নীতি রয়েছে এবং তিনি কখনও মিথ্যা বলেন না। কিন্তু তাতেও থামেননি জীতু। বরং অভিনেত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, তাঁর চোখ দেখেই নাকি সব বোঝা যায়। কলকাতার টালার জল খেয়ে বড় হয়েছেন বলে মানুষ চিনতে ভুল করেন না বলেও মন্তব্য করেন তিনি। এর পরেই সৃজলার খেলার ধরন নিয়ে মন্তব্য করেন জীতু। তাঁর কথায়, বিগ বসের বাড়িতে সৃজলা যেভাবে খেলছেন, তাতেই বোঝা যাচ্ছে তিনি কত বড় খেলোয়াড়। জীতুর এই মন্তব্য শুনে অবশ্য হাসতে দেখা যায় সৃজলাকে। তবে অভিনেতার কথার মধ্যে কোনও বিশেষ ইঙ্গিত ছিল কি না, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
বিগ বসের বাড়িতে সৃজলার বন্ধুত্বের সমীকরণ নিয়েও এর আগে কম আলোচনা হয়নি। প্রথম দিকে গায়ক দুর্নিবার সাহার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধুত্ব নজর কেড়েছিল। তাঁদের সম্পর্ক নিয়ে বিগ বসের বাড়ির অন্দরেও নানা গুঞ্জন ছড়ায়। এমনকী, বাড়ির বাইরেও তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে জল্পনা চলতে থাকে। শোয়ে নতুন প্রতিযোগীরা আসার পরেও এই প্রসঙ্গ উঠে আসে বলে দেখা গিয়েছে। বিভিন্ন আলোচনা ও জল্পনার মধ্যেই দুর্নিবার ও সৃজলার মধ্যে দূরত্ব তৈরি হয়। অন্যদিকে, সৃজলার সঙ্গে জীতু কামালের বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। দু’জনকে প্রায়ই একান্তে কথা বলতে দেখা যায়।
বিগ বসের বাড়িতে সৃজলা ও জীতুর সম্পর্ক নিয়ে নতুন করে চর্চা শুরু হওয়ার পিছনে রয়েছে তাঁদের ব্যক্তিগত কথোপকথনও। এর আগে প্রতিযোগী নিরঞ্জন মণ্ডলের সঙ্গে কথা বলার সময় সৃজলা জানিয়েছিলেন, জীতুর সঙ্গে তাঁর কথাবার্তা মূলত ব্যক্তিগত বিষয় নিয়েই হয়, গেমপ্ল্যান নিয়ে নয়।

এ বার সেই বন্ধুত্বের পরিসরেই জীতুর ‘জল মিশিও না’ এবং ‘বড় খেলোয়াড়’ মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সৃজলার খেলার ধরন নিয়ে জীতু কি নিছক মজা করেছেন, নাকি তাঁর কথার মধ্যে লুকিয়ে ছিল কোনও বিশেষ বার্তা? আপাতত সেই প্রশ্নের উত্তর স্পষ্ট নয়। তবে বিগ বস বাংলার ঘরে প্রতিযোগীদের বদলে যাওয়া সম্পর্কের সমীকরণের মধ্যে জীতু ও সৃজলার এই কথোপকথন যে দর্শকদের নজর কেড়েছে, তা বলাই যায়।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.