রবিবার বিগ বস বাংলার ঘর থেকে বিদায় নিয়েছেন তাপস পাল-কন্যা সোহিনী পাল। তাঁর জায়গায় ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসেবে ঘরে প্রবেশ করেছেন স্প্লিটসভিলা-খ্যাত অনুষ্কা ঘোষ। আর তাঁর প্রবেশের পরই যেন বদলে গিয়েছে ঘরের প্রেমের সমীকরণ।
এতদিন রাজবীর ও নন্দিনীর ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা চলছিলই। একসঙ্গে সময় কাটানো থেকে শুরু করে আদর-চুমু—সবই নজর কেড়েছে দর্শকদের। এবার সেই সম্পর্ক আরও এক ধাপ এগিয়ে গেল। রবিবার দাদার দরবার পর্ব শেষ হওয়ার পর ঘনিষ্ঠ অবস্থায় গল্প করতে দেখা যায় রাজবীর ও নন্দিনীকে। সেই সময় নন্দিনী রাজবীরকে প্রশ্ন করেন, তিনি এখনও তাঁকে প্রপোজ করছেন না কেন, নাকি অন্য কোনও ‘অপশন’ খুঁজছেন। জবাবে রাজবীর জানান, অন্য কোনও বিকল্পের দিকে তাকানোর প্রশ্নই নেই। তিনিও নন্দিনীকে ভালোবেসে ফেলেছেন।
এরপর নিজেদের ভবিষ্যৎ সম্পর্ক নিয়েও কথা বলতে শোনা যায় নন্দিনীকে। তিনি রাজবীরকে বলেন, দু’জনেই নাকি ‘টক্সিক’ এবং ভবিষ্যতে তাঁদের মধ্যে ঝগড়া হতে পারে। এমনকী সেই ঝগড়া খুব খারাপ পর্যায়েও পৌঁছতে পারে। কিন্তু তাঁর মতে, সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সত্যিকারের ভালোবাসা। সেই ভালোবাসার কারণেই তাঁরা একে অপরকে ছেড়ে থাকতে পারবেন না।
তবে রাজবীর-নন্দিনীর এই ঘনিষ্ঠতার মাঝেই নতুন সমীকরণের ইঙ্গিত মিলেছে অনুষ্কার প্রবেশে। ঘরে ঢোকার পরই নন্দিনীকে কটাক্ষ করতে দেখা যায় তাঁকে। নন্দিনীকে উদ্দেশ্য করে অনুষ্কা বলেন, সবাই তাঁর মতো বিগ বসের ঘরে প্রেম করতে আসে না। এরই মধ্যে রাজবীর অনুষ্কাকে ‘স্প্লিটসভিলা কি কুইন’ বলে প্রশংসা করলে নন্দিনীর অস্বস্তিও চোখে পড়ে। ফলে নতুন ওয়াইল্ড কার্ড এন্ট্রিকে ঘিরে রাজবীর-নন্দিনীর সম্পর্কে নতুন টানাপোড়েন তৈরি হতে পারে বলেই মনে করা হচ্ছে।
শুধু তাই নয়, নন্দিনী ও রাজবীরের মধ্যে দূরত্ব তৈরির চেষ্টা অনুষ্কা করছেন বলেও দেখা যাচ্ছে। ফলে বিগ বস বাংলার ঘরে তৈরি হয়েছে নতুন ত্রিকোণ সমীকরণ। এতদিন সৃজলাকে ঘিরে যে সম্পর্কের টানাপোড়েন ছিল, এবার কি সেই জায়গায় অনুষ্কার সঙ্গে নন্দিনীর সংঘাত তৈরি হবে, সেটাই দেখার। এদিকে বর্তমানে বিগ বস বাংলার ঘরেও স্পষ্ট হয়েছে দুই পক্ষের বিভাজন। একদিকে রয়েছেন দুর্নিবার, সৃজলা, সোনামণি, তনুশ্রী, নিরঞ্জন ও ঝিলম। অন্যদিকে রয়েছেন ভরত কল, জীতু, মনামি, নন্দিনী ও রাজবীর।
রাজবীরকে ঘিরে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে নানা আলোচনা। অনেকেই মনে করছেন, তাঁর প্রবেশের পর বিগ বস বাংলার ঘরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এখন অনুষ্কার প্রবেশের পর রাজবীর-নন্দিনীর সম্পর্ক কোন দিকে মোড় নেয় এবং ঘরের সমীকরণ কতটা বদলায়, সেদিকেই নজর দর্শকদের।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.