‘বিগ বস বাংলা’-র ঘরে সৃজলা গুহ ও নন্দিনীকে ঘিরে বিতর্ক যেন কিছুতেই থামছে না। সোমবারের পর্বে ফের পুরনো সেই ঘোড়ার টাস্কের প্রসঙ্গ উঠে এল। আর এবার নন্দিনীর বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ তুললেন সৃজলা। তাঁর দাবি, ওই ঘটনায় যে চোট তিনি পেয়েছিলেন, তার প্রভাব এতটাই গুরুতর ছিল যে ভবিষ্যতে তাঁর মা হওয়া নিয়েও আশঙ্কা তৈরি হয়েছিল।
কী ঘটেছিল বিগ বসের ঘরে?
এদিন প্রতিযোগীদের জন্য একটি বিশেষ টাস্কের আয়োজন করেছিলেন বিগ বস। নিয়ম অনুযায়ী, প্রত্যেক প্রতিযোগীকে কনফেশন রুমে গিয়ে অন্য কারও বিরুদ্ধে অভিযোগ লিখে জমা দিতে বলা হয়। পরে ড্রয়িংরুমে সকলের সামনে সেই অভিযোগগুলি পড়ে শোনানো হয়। যাঁর বিরুদ্ধে অভিযোগ, তাঁকে আন্দাজ করতে হয় অভিযোগটি কে লিখেছেন। এরপর অভিযোগের উত্তর দেওয়ার আগে তাঁর মুখে ফোম মাখিয়ে দেওয়া হয়। এই টাস্কে সবচেয়ে বেশি অভিযোগ ওঠে সৃজলার বিরুদ্ধে। ফলে তাঁকেই একাধিকবার ফোম মাখিয়ে অভিযোগের জবাব দিতে হয়।
নন্দিনীকে ক্ষমা করবেন না সৃজলা
টাস্ক চলাকালীন তনুশ্রী সৃজলার উদ্দেশে একটি অভিযোগ করেন। সেখানে বলা হয়, নন্দিনী নিজের ভুল বুঝতে পেরেছেন এবং সেই ঘটনার জন্য অনুতপ্ত। তাই সৃজলার উচিত তাঁকে ক্ষমা করে দেওয়া। তবে তনুশ্রীর এই বক্তব্য মেনে নিতে পারেননি সৃজলা। তিনি স্পষ্ট জানিয়ে দেন, নন্দিনীকে তিনি কোনওদিন ক্ষমা করতে পারবেন না। নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে সৃজলা বলেন, তাঁর যে চোট লেগেছিল সেটি ছিল ‘ব্লান্ট ফোর্স ইনজুরি’। আর সেই আঘাতের জেরে তাঁর মা হওয়া নিয়েও আশঙ্কা তৈরি হয়েছিল বলে দাবি করেন তিনি।
ঘোড়ার টাস্কে কী হয়েছিল?
কিছুদিন আগেই ‘বিগ বস বাংলা’-র একটি টাস্কে ঘোড়ার ওপর থেকে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন সৃজলা। সেই ঘটনার সময় নন্দিনীর সঙ্গে তাঁর তীব্র ধস্তাধস্তি হয়েছিল। সৃজলা ঘোড়া থেকে ছিটকে মাটিতে পড়ে যান এবং যন্ত্রণায় কেঁদে ওঠেন। ঘটনার পর বিগ বস তাঁকে বিশ্রামে যাওয়ার নির্দেশ দেন। সেই সময় রাজবীর তাঁকে কোলে করে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার কারণে বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল সৃজলাকে বলেও জানা যায়। ঘটনাটি নিয়ে শুরু থেকেই বিতর্ক তৈরি হয়েছিল। যদিও পরবর্তী সময়ে নন্দিনী একাধিকবার সৃজলার কাছে ক্ষমা চেয়েছেন। শুরুতে এই ঘটনায় নন্দিনীর বিরুদ্ধে দর্শকদের একাংশের ক্ষোভ থাকলেও সময়ের সঙ্গে সেই ক্ষোভ কিছুটা কমেছে।
সৃজলার বিরুদ্ধে বাড়ছে অভিযোগ
অন্যদিকে, ‘বিগ বস বাংলা’-র বাড়িতে সৃজলার সঙ্গে অন্যান্য প্রতিযোগীদের দূরত্বও ক্রমশ বাড়ছে। অনেকেই এখন তাঁর বিরোধিতা করছেন। এমনকী, দর্শকদের একাংশের মধ্যেও তাঁকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ দাবি করছেন, সৃজলা নাকি অভিনয় করছেন এবং নিজের আসল চেহারা আড়াল করছেন। তবে এসব অভিযোগে বিশেষ গুরুত্ব দিতে নারাজ সৃজলা। তিনি বারবার জানিয়েছেন, তিনি নিজের মতো করেই থাকবেন এবং অন্যের কথায় নিজের অবস্থান বদল করবেন না।
জন্মদিনে রাজবীরকে চমক
তবে এত বিতর্কের মধ্যেও এদিন ‘বিগ বস বাংলা’-র বাড়িতে ছিল আনন্দের মুহূর্ত। রাজবীরের জন্মদিন উপলক্ষে বিগ বসের তরফে পাঠানো হয় কেক। নন্দিনীও নিজের হাতে পায়েস রান্না করে রাজবীরকে খাওয়ান। রাতের বেলা বাড়ির সকল প্রতিযোগীকে সঙ্গে নিয়ে কেক কাটেন রাজবীর।

এর পাশাপাশি দুর্গাপুজোর আবহও তৈরি হয়েছে বিগ বসের বাড়িতে। পুজো উপলক্ষে প্রতিযোগীদের নিয়ে একটি গান লিখেছেন ঝিলম। তিনি জানান, এই সপ্তাহে যদি তাঁকে এলিমিনেট হতে হয়, তাহলে ওই গানের মাধ্যমেই যেন সকলে তাঁকে মনে রাখেন।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.