সিনেদুনিয়ার অন্দরের কেচ্ছা-কেলেঙ্কারি নিয়ে চর্চার শেষ নেই। তারকাদের ব্যক্তিগত জীবন থেকে পেশাগত সম্পর্ক—বহু ঘটনাই মাঝেমধ্যে উঠে আসে সংবাদমাধ্যমের আলোচনায়। এবার এমনই এক চাঞ্চল্যকর ঘটনার কথা প্রকাশ্যে আনলেন গোয়েন্দা বলদেব পুরী। সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের একটি সাক্ষাৎকারে তিনি দাবি করেন, এক জনপ্রিয় অভিনেত্রীর উপর নজরদারি চালাতে তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা নাকি একজন গোয়েন্দাকে নিয়োগ করেছিলেন।
বলদেব পুরীর বক্তব্য অনুযায়ী, কেরিয়ারের মধ্যগগনে থাকা ওই অভিনেত্রীর সাফল্য নিয়েই সন্দেহ তৈরি হয়েছিল তাঁর শ্বশুরবাড়ির সদস্যদের মনে। একের পর এক কাজ সহজেই পেয়ে যাচ্ছিলেন অভিনেত্রী। তাঁর পেশাগত উন্নতির নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা জানতেই নাকি তাঁর গতিবিধির উপর নজর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এরপর অভিনেত্রীর কখন কোথায় যাতায়াত, কার সঙ্গে দেখা করছেন—এই সমস্ত বিষয়ে তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয় এক গোয়েন্দাকে। তদন্ত চলাকালীন অভিনেত্রী নিজেই বিষয়টি আঁচ করতে পারেন বলে দাবি করেছেন বলদেব পুরী। তিনি জানতে পারেন, তাঁর উপর নজরদারি চালানো হচ্ছে।
আরও পড়ুন,
Kajol: ‘নিজের মূল্য বুঝে তাতে কর যোগ করুন!’..হঠাৎ কেন এমনটা বললেন কাজল? জানুন
গোয়েন্দার দাবি, তদন্তে অভিনেত্রীর একাধিক প্রযোজক ও পরিচালকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা উঠে আসে। তাঁর কেরিয়ারে দ্রুত সাফল্য পাওয়ার নেপথ্যে ব্যক্তিগত সম্পর্কের ভূমিকা ছিল বলেও তদন্তে দাবি করা হয়েছিল। যদিও এই সমস্ত অভিযোগের কোনও স্বাধীন প্রমাণ বা সংশ্লিষ্ট অভিনেত্রীর বক্তব্য প্রকাশ্যে আসেনি।
বিষয়টি শ্বশুরবাড়িতে জানাজানি হওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে বলে দাবি। অভিনেত্রী নাকি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, তাঁর ব্যক্তিগত জীবন বা পেশাগত সিদ্ধান্তে পরিবারের কেউ হস্তক্ষেপ করতে পারবেন না। এরপরই দাম্পত্যে টানাপোড়েন শুরু হয় এবং শেষ পর্যন্ত অভিনেত্রী স্বামী-সংসার ছেড়ে বেরিয়ে আসেন বলে সাক্ষাৎকারে দাবি করেছেন ওই গোয়েন্দা।
তবে চাঞ্চল্যকর এই ঘটনার সঙ্গে জড়িত অভিনেত্রীর নাম প্রকাশ্যে আনেননি বলদেব পুরী। তাঁর বক্তব্য, নাম প্রকাশ করলে সংশ্লিষ্ট পরিবারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে বলিউডের কোন জনপ্রিয় অভিনেত্রীকে ঘিরে এই ঘটনা, তা এখনও রহস্যই রয়ে গিয়েছে। তাঁর এই দাবি ঘিরেই নতুন করে সরগরম সিনেপাড়া।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.