দীপিকা পাডুকোনকে ঘিরে ‘স্পিরিট’ বিতর্কে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ছবির প্রযোজক তথা পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ভাই প্রণয় রেড্ডি ভাঙ্গার সাম্প্রতিক মন্তব্যে সামনে এসেছে অভিনেত্রীর পারিশ্রমিক ও লভ্যাংশ সংক্রান্ত দাবির প্রসঙ্গ। তাঁর দাবি, ছবির জন্য দীপিকা মোট লভ্যাংশের ১০ শতাংশ চেয়েছিলেন। সেই দাবি মেনে নেওয়া সম্ভব না হওয়ায় নির্মাতারা অন্য বিকল্পের কথা ভাবেন।
দুই দশকেরও বেশি সময় ধরে বলিউডে একের পর এক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন দীপিকা। তবে ২০২৫ সালে বিতর্কের জেরে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ এবং নাগ অশ্বিনের ‘কল্কি ২’—দুটি ছবি থেকেই তাঁর সরে যাওয়ার খবর সামনে আসে। ‘স্পিরিট’কে কেন্দ্র করেই প্রথম বিতর্কের সূত্রপাত। তখন বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, মাতৃত্বকালীন সময়ে দীপিকা দিনে আট ঘণ্টার শিফটে কাজের দাবি জানিয়েছিলেন। পাশাপাশি পারিশ্রমিক নিয়েও মতবিরোধ তৈরি হয়েছিল। এবার প্রণয় রেড্ডি ভাঙ্গার বক্তব্যে সেই পুরনো বিতর্কই নতুন মাত্রা পেল।
সম্প্রতি এক বিনোদনমূলক চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রণয় জানান, ‘স্পিরিট’-এর জন্য দীপিকাই ছিলেন সন্দীপের প্রথম পছন্দ। প্রায় দেড় বছর ধরে তাঁদের মধ্যে কথাবার্তাও চলেছিল। তবে অভিনেত্রীর সঙ্গে আলোচনা চলাকালীন একাধিক বিষয়ে মতপার্থক্য তৈরি হয়।
প্রণয়ের দাবি, “স্পিরিট থেকে দীপিকার সরে যাওয়ার যে কারণগুলো আগে বলা হয়েছিল, সেটাই সত্যি। তবে এর বাইরেও একাধিক কারণ ছিল। চূড়ান্ত সিদ্ধান্ত ছিল সন্দীপেরই।”
লভ্যাংশের দাবি প্রসঙ্গে প্রণয় জানান, দীপিকা ছবির লাভের ১০ শতাংশ দাবি করেছিলেন। তাঁর মতে, কোনও অভিনেত্রী নিজের পারিশ্রমিক বা লভ্যাংশ নিয়ে দাবি জানাতেই পারেন। কিন্তু ছবির বাজেট এবং সামগ্রিক আর্থিক হিসাবও নির্মাতাদের বিবেচনা করতে হয়। তাঁদের মনে হয়েছিল, ওই দাবি মেনে ছবির বাজেট বাস্তবসম্মত রাখা কঠিন হবে। এরপরই তাঁরা অন্য অভিনেত্রীর কথা ভাবতে শুরু করেন।
https://x.com/TheClimaxIndia/status/2090464396979921360
এর পাশাপাশি দীপিকার বিরুদ্ধে ছবির গল্প ও চরিত্র সংক্রান্ত তথ্য ফাঁস করার অভিযোগও তুলেছেন প্রণয়। তাঁর দাবি, ছবির গল্প ও চরিত্র নিয়ে দীপিকার সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছিল। সেই তথ্য প্রকাশ্যে আসায় নির্মাতারা যথেষ্ট বিরক্ত হয়েছিলেন।
এর আগে সন্দীপ রেড্ডি ভাঙ্গাও দীপিকার বিরুদ্ধে ‘স্পিরিট’-এর চিত্রনাট্য ফাঁসের অভিযোগ তুলেছিলেন। ফলে প্রণয়ের সাম্প্রতিক মন্তব্যে পুরনো সেই বিতর্ক ফের আলোচনায় এসেছে। তবে দীপিকার পক্ষ থেকে এই নতুন দাবিগুলির বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.